জাপানে বাস দুর্ঘটনায় নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে পাহাড়ি সড়কপথে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৭ জন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বাসটিতে ৪১ জন আরোহী ছিল। রাতের বেলায় বাসটি টোকিও থেকে নাগানোর একটি পর্যটনকেন্দ্রে যাচ্ছিল। পথে কারুইজাওয়া শহরের কাছে দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হচ্ছে, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় সড়কে কোনো তুষার বা বরফ ছিল না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে জাপানের পরিবহন মন্ত্রণালয়। তদন্ত কর্মকর্তারা এর মধ্যে দুর্ঘটনাস্থলে গেছেন।
গণমাধ্যমের খবরে জানানো হয়, সুরক্ষাব্যবস্থা ভেঙে বাসটি সড়কের উল্টো পাশে ছিটকে পড়ে। এরপর কয়েক মিটার পর্যন্ত নিচে পড়ে যায়।