জাপানের পার্লামেন্টে বিতর্কিত নিরাপত্তা বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সেনাবাহিনীকে বিদেশে যুদ্ধ করার সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত বিতর্কিত আইন চূড়ান্ত ভোটাভুটি শেষে গতকাল শুক্রবার পার্লামেন্টে পাস হয়েছে। এর আগে বিরোধীদলীয় আইনপ্রণেতারা এ-সংক্রান্ত বিলগুলো ঠেকাতে বিভিন্ন রকমের চেষ্টা চালান। খবর বিবিসি ও এএফপির।      

এ আইন পাস হওয়ার ফলে ৭০ বছরের মধ্যে এই প্রথম জাপানি সেনারা দেশের বাইরে গিয়ে যুদ্ধে অংশ নিতে পারবেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানের শান্তিবাদী ভাবমূর্তি নষ্ট হবে বলে দেশে সমালোচনা হচ্ছে।

জাপানের পার্লামেন্ট ‘ডায়েটের’ উচ্চকক্ষের প্রেসিডেন্ট মাসাকি ইয়ামাজাকি জানান, আইনটির পক্ষে ভোট পড়ে ১৪৮টি। আর বিপক্ষে ৯০টি। 

বিতর্কিত এ আইন পাস করতে ভোটাভুটির উদ্যোগ চলার মধ্যে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে গতকাল বিক্ষোভ দেখান বহু মানুষ। এটি আরও বড় আকার ধারণ করার আগে গতকালই চূড়ান্ত ভোটাভুটি শেষ করতে চেয়েছিল সরকার।

পার্লামেন্টের ভেতরে-বাইরে জোরালো বিরোধিতা সত্ত্বেও আইনটি চূড়ান্তভাবে পাস হওয়ার কারণ, প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন জোট সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে। আর নিম্নকক্ষে এ-সংক্রান্ত বিল আগেই পাস হয়েছে।

বিল নিয়ে গত বৃহস্পতিবার উচ্চকক্ষে নিরাপত্তা-বিষয়ক কমিটির ভোটাভুটির সময় শোরগোল ও ধ্বস্তাধ্বস্তি করে এতে বাধা দেওয়ার চেষ্টা করেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে থাকা জাপানের ওপর যুক্তরাষ্ট্র যুদ্ধের পর যে সংবিধান চাপিয়ে দেয়, তাতে সেনাবাহিনীর তৎপরতাকে কেবল আত্মরক্ষা ও সহায়তা কর্মসূচির মধ্যে নিয়ন্ত্রিত রাখা হয়। কিন্তু জাপানের বর্তমান জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী আবে তাঁর দেশের সামরিক অবস্থান ‘স্বাভাবিক’ করতে আগ্রহী ছিলেন। কিন্তু শান্তির পক্ষে অবস্থান নেওয়া জনগণ কয়েক মাস ধরেই তাঁর ওই উদ্যোগের বিরোধিতা করে রাস্তায় বিক্ষোভ করছেন।