জাপানে বুলেট ট্রেনে ছুরি নিয়ে হামলা, নিহত ১

জাপানের বুলেট ট্রেনে ছুরি নিয়ে এক তরুণের হামলা চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নারী যাত্রী। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ট্রেনটি জাপানের রাজধানী টোকিও থেকে ওসাকায় যাচ্ছিল। উচ্চগতিসম্পন্ন বুলেট ট্রেনকে জাপানে ‘শিনকানসেন’ বলা হয়ে থাকে। ওদাওয়ারা স্টেশনে ট্রেনটি থামার পর সন্দেহভাজন ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেনটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরিকাঘাতে ঘাড়ে আঘাত পাওয়া এক পুরুষ যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহত আরও দুজন নারী যাত্রী।
স্থানীয় পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ইচিরো কোজিমা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, গ্রেপ্তার কোজিমা পুলিশকে বলেছেন, সুনির্দিষ্ট কেউ না, যেকোনো যাত্রীকে আঘাত করার জন্য তিনি বেছে নেন। তাঁর সঙ্গে ‘কয়েকটি ধারালো বস্তু’ ছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, হামলার সময় যাত্রীরা চিৎকার করতে করতে আতঙ্কে ছোটাছুটি করছিলেন।
উন্নত দেশগুলোর মধ্যে অপরাধের মাত্রা কম—এমন দেশগুলোর একটি জাপান। এ ধরনের হামলার ঘটনা সেখানে ঘটে না বললেই চলে।
২০১৫ সালে একবার জাপানে বুলেট ট্রেনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যান। ওই আগুনে পুড়ে আরও এক নারী যাত্রী মারা যান। আর আহত হন ২০ জনেরও বেশি মানুষ।