জাপানে ভারী তুষারপাতে নিহত ৩

জাপানে ভারী তুষারপাতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছে। তুষারপাতের কারণে দেশটির যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। কিছু কিছু স্থানে সাড়ে ছয় ফুটেরও বেশি পুরু তুষারের আস্তরণ পড়েছে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো ও কিয়োডো দ্বীপে দুই বৃদ্ধ নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হিরোশিমায় তুষার আবৃত পথে দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়।
দেশটির সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১০০-এর মতো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। আন্তর্জাতিক পথে চলাচলকারী বিমানসহ মোট ৪৫০টি বিমান উড্ডয়নের পর আবারও বিমানবন্দরে ফিরে এসেছে।
দেশটির জনপ্রিয় ‘বুলেট ট্রেন’ চলাচলের সময়সূচিও বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
তুষারপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে। এতে সৃষ্ট জোয়ারে সাগরের ঢেউ ফুলে-ফেঁপে উঠছে। এ কারণে সাধারণ মানুষকে পানির তীরবর্তী এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।