জাপানে ভারী বৃষ্টিতে ভূমিধস, নিখোঁজ অন্তত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমুল বৃষ্টিতে আতামি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। ৩ জুলাই, জাপানে।
ছবি: রয়টার্স

জাপানে ভারী বৃষ্টিপাত ও এর জেরে ভূমিধসে অন্তত ২০ জন নিখোঁজ হওয়ার খবর মিলেছে। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে মধ্যাঞ্চলীয় আতামি শহরে এ ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ ঘণ্টা ধরে শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রদেশে তুমুল বৃষ্টি হচ্ছে। এর জেরে শিজুওকার আতামি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলের আশপাশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা চেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভা ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

এদিকে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত বছরের জুলাইয়ে জাপানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।