জাপানে মৃদু সুনামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তরাঞ্চলে আজ মঙ্গলবার সকালে মৃদু সুনামি আঘাত হেনেছে। সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্পে এ সুনামির সৃষ্টি হয়। এর আগে ২০১১ সালে ওই এলাকায় শক্তিশালী সুনামি আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, দেশটির পূর্ব ইওয়াতের কুজিতে স্থানীয় সময় সকাল নয়টা পর্যন্ত ২০ সেন্টিমিটার (আট ইঞ্চি) উঁচু ঢেউ আঘাত হানে। উপকূলে এক মিটারের কম উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া দপ্তর। সুনামিতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষ​িত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর জানায়, সকাল আটটা ছয় মিনিটে মিয়াকোর পূর্ব উপকূল থেকে ২১০ কিলোমিটার দূরে এবং সাগরের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির আঘাতের তীব্রতা ছিল ৬ দশমিক ৯। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।
জাপানের উত্তরাঞ্চলে ২০১১ সালে ভূমিকম্পের কারণে সৃষ্ট শক্তিশালী সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। ফুকুশিমা পারমাণবিক চুল্লিতে দুর্ঘটনা ঘটে।