জাপানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপোরো শহরে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত হয়। ছবি: রয়টার্স
সাপোরো শহরে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত হয়। ছবি: রয়টার্স

জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরো শহরের এক রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপানের পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রেস্টুরেন্ট থেকে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। ছবি: টুইটার থেকে নেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রেস্টুরেন্ট থেকে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। ছবি: টুইটার থেকে নেওয়া

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, রাতে হঠাৎ করে প্রবল বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে যায়। সেখানকার অনেকেই আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।

জাপানের গণমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্র থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওই এলাকায় রেস্তোরাঁ ছাড়াও আবাসিক ভবন রয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।