জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, পরে প্রত্যাহার
জাপানে আজ শুক্রবার আবারও পর পর দুই দফা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কিছু সময় পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার রাত একটা ২৫ মিনিটে অল্প সময়ের মধ্যে পর পর দুই দফা ভূমিকম্পে জাপানের দক্ষিণাঞ্চলের কুয়ামোতা শহর কেঁপে ওঠে। রিখটার স্কেলে প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পরের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে। এর পর বেশ কয়েকবার ছোট ছোট ভূ-কম্পন অনুভূত হয়।
এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বলা হয়, ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকাগুলোতে তিন ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করে বলা হয়, আপাতত সুনামি আশঙ্কা নেই।
জাপানের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার পর পর দুই দফা ভূমিকম্প আঘাত হানে। এতে নয়জন নিহত হয়। আহত হয় এক হাজারেরও বেশি বেশি মানুষ। ওই ভূমিকম্পে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়। সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে গতকালের ভূমিকম্প সুনামি সতর্কতা জারির মতো শক্তিশালী ছিল না। ওই ভূমিকম্পের পর ৪০ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছেন। এরই মধ্যে আজ শুক্রবার আবারও ভূমিকম্প আঘাত হানল।
ভূমিকম্প প্রবণ দেশ জাপানে ২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ভূমিকম্পের পর প্রলয়ংকরী সুনামি আঘাত হানে। ওই ভূমিকম্প-সুনামিতে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। সেই প্রলয়ংকরী সুনামির তোড়ে ভেসে যায় বহু প্রাণ, ঘরবাড়ি, স্থাপনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ছড়িয়ে পড়ে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি। কোনো কোনো ক্ষেত্রে সেই ধকল এখনো সামলে উঠতে পারেনি জাপান।