জাপানে শিনজো আবের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে গতকাল রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে বিপুলভাবে বিজয়ী হয়েছেন। এর আগে বুথ–ফেরত জনমত জরিপে তিনি আবার জয়ী হতে যাচ্ছেন বলে আভাস মিলেছিল। চার বছরের ক্ষমতার মেয়াদ পূরণের আগেই অনুষ্ঠিত এ নির্বাচনকে আবের অর্থনৈতিক নীতির ওপর একধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল। খবর এএফপির।
জনমত জরিপগুলোর ফলে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এর ছোট শরিক কোমেইতো সুস্পষ্ট বিজয় লাভ করবে। এমনকি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয়ও পেতে পারে তারা। এটা সম্ভব হলে এলডিপি পার্লামেন্টের উচ্চকক্ষে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হবে।
ভোটের জন্য অনেকটাই অপ্রস্তুত বিরোধী দলগুলো জনগণের মধ্যে তেমন কোনো সাড়া ফেলেনি এই নির্বাচনে।
ভোট গ্রহণ শুরুর আগে রাজধানী টোকিওর একটি এলাকায় ভোটারদের উদ্দেশে শিনজো আবে বলেন, ‘আমি আবেনোমিকসের (আবের অনুসৃত অর্থনৈতিক নীতি) পক্ষে সমর্থন চাইছি। কর্মসংস্থান সৃষ্টি ও উপার্জন বাড়ানোর লক্ষ্যে এই নীতি নেওয়া হয়েছে।’
জাপানে অর্থনৈতিক মন্দার জেরে প্রধানমন্ত্রী আবের প্রথম দুই বছরের সাফল্য ছিল অনেকটাই ম্লান। এ অবস্থায় দুই বছর আগেই গত মাসে এই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। এ বছরের এপ্রিলে পণ্য বিক্রির ওপর কর বাড়ানো হয়েছিল জাপানে। এতে ভোক্তারা খরচ করতে নিরুৎসাহিত হয়ে পড়েন। ফলে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে মন্দা দেখা দেয়।