জাপানে ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধস থেকে বাঁচাতে প্রায় এক লাখ মানুষকে বাড়িঘর থেকে গতকাল বৃহস্পতিবার সরিয়ে নেওয়া হয়েছে। নজিরবিহীন ভারী বৃষ্টির প্রভাবে ওই এলাকায় নদীগুলোর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
জাপানের রাজধানী টোকিওর উত্তরে ৫৬ কিলোমিটার দূরের জোসো শহরে কিনুগাওয়া নদীর পানি অস্বাভাবিক বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। অনেকে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। জোসো ও এর আশপাশের এলাকা থেকে অন্তত এক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত দুজন নিখোঁজ এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইবারাকি ও তোচিগি এলাকা। ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তোচিগির কয়েকটি অংশে গত সোমবার সন্ধ্যা থেকে প্রায় ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সব রেকর্ড ভেঙে দিয়েছে।