গভীর রাতের মৃত্যুখেলায় হতবুদ্ধি জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ১৯ জন প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যুবক। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী টোকিওর কাছে প্রতিবন্ধীদের এক সেবাকেন্দ্রে ওই ঘটনা ঘটে।

রাতের একেবারে শেষ প্রহরে ঘটে এ ঘটনা। ফলে জাপানের লোকজন সকালে জেগে উঠে যখন ঘুমন্ত মানুষের ওপর ছুরি হাতে এলোপাতাড়ি আঘাত হানার মৃত্যুখেলা সম্পর্কে জানতে পারেন, অনেকেই তখন ধারণা করতে পারেননি কেন সেই অযথা হত্যাকাণ্ড। হামলার শিকার প্রতিবন্ধীদের সেবা দেওয়ার একটি কেন্দ্রে হওয়ায় আরও হতবুদ্ধি তাঁরা এ কারণে হয়েছিলেন যে, জাপানে সাধারণত প্রতিবন্ধীদের দিকে মমতার দৃষ্টিতে দেখা হয়। ফলে অনেকের মনে যে ধারণা প্রাথমিকভাবে দেখা দিয়েছিল তা হলো, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক ঘটতে থাকা অকারণ হত্যা শেষ পর্যন্ত হয়তো টোকিওকেও প্রভাবিত করতে শুরু করেছে এবং ইসলামি জুজু অবশেষে হয়তো তাঁদের দুয়ারেও এসে উপস্থিত।

টোকিওর পাশের জেলা কানাগাওয়ার সাগামিহারা শহরটি হচ্ছে রাজধানীর পশ্চিম সীমান্তের লাগোয়া এক শহর, টোকিওর কেন্দ্রস্থল থেকে যার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। সেই শহরে রাত প্রায় আড়াইটার দিকে প্রতিবন্ধী সেবাকেন্দ্রে জানালা ভেঙে ছুরি হাতে হত্যাকারীর প্রবেশ করার সময় রাত্রিকালীন দায়িত্বে নিয়োজিত থাকা অল্প কয়েকজন ছাড়া সবাই প্রায় ঘুমিয়ে ছিলেন। ফলে কী হচ্ছে তা আঁচ করে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি। বিশেষ করে প্রতিবন্ধীদের অনেকেই বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সহসা বিপদের আঁচ করতে পারার মতো অবস্থাও তাঁদের ছিল না। ফলে হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনের মৃত্যু এবং আরও ২৫ জনের আহত হওয়া। এ হতাহতের পেছনে ছিলেন একজন মাত্র পুরুষ, একসময় যিনি সেই কেন্দ্রটিতে কাজ করলেও পরে সেখান থেকে চাকরিচ্যুত হন।

তদন্তকারীরা এখন হত্যার কারণ খুঁজে দেখায় লিপ্ত আছেন। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়, মানসিক প্রতিবন্ধীদের প্রতি একধরনের বিদ্বেষ হত্যাকারী পোষণ করে আসছিলেন এবং পুলিশকে তিনি নাকি এ রকমও বলেছেন যে প্রতিবন্ধীদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া তিনি দেখতে চাইছেন।

হামলাকারী ২৬ বছর বয়সী যুবক সাতোশি উয়েমাৎসুর অপরাধে জড়িত থাকার কোনো রেকর্ড পুলিশের খাতায় নেই এবং প্রতিবন্ধী সেবাকেন্দ্রে কর্মরত থাকার সময় প্রতিবন্ধীদের প্রতি কোনোরকম বিদ্বেষমূলক মনোভাব তিনি প্রকাশ্যে দেখাননি, যদিও সমাজে প্রতিবন্ধীদের প্রয়োজনীয়তা নিয়ে নিজের মনে দেখা দেওয়া সন্দেহের আভাস সহকর্মীদের কখনো কখনো তিনি দিয়েছিলেন।

মায়নিচি শিম্বুন জানিয়েছে সাতোশি কিছুদিন আগে অন্তত দুবার জাপানের সংসদ ভবনে উপস্থিত হয়ে নিম্নকক্ষের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবন্ধীদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়ার দাবি জানিয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন।

জাপানে এ ধরনের হামলার নজির খুব একটা নেই। ২০০৮ সালে এক হামলাকারী ট্রাক চালিয়ে ঢুকে পড়েন টোকিওর এক জনাকীর্ণ এলাকায় এবং নির্বিচারে ছুরিকাঘাত করে সাতজনকে হত্যা করেন। ২০০১ সালে ওসাকা প্রাইমারি স্কুলে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির ছুরিকাঘাতে আটটি শিশু নিহত হয়।