জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোকাইদোতে আজ বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে টোকিও থেকে ৭৫০ কিলোমিটার উত্তরে হোকাইদো দ্বীপের দক্ষিণ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎ​ক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনির ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকেতে দেখানো হয়েছে।

জাপান খুবই ভূমিকম্পপ্রবণ দেশ। সারা বিশ্বের শক্তিশালী ভূমিকম্পগুলোর ২০ শতাংশই এখানে হয়। গত মঙ্গলবারও হোকাইদোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

২০১১ সালের মার্চে জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।