জাপানের অর্থে 'কমফোর্ট ওমেনদের' তহবিল, বিক্ষোভ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও তার আগে জাপানের সেনাশিবিরে জোরপূর্বক যৌনকাজে নিযুক্ত কোরীয় নারীদের (কমফোর্ট ওমেন) জন্য জাপানের অর্থ সহায়তায় তহবিল গঠনকে কেন্দ্র করে সিউলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ বৃহস্পতিবার প্রায় ৬৮ কোটি টাকার এই তহবিল গঠনের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ কোরিয়ার অনেক নারী ও মানবাধিকার কর্মীর মতে, আইনি দায়িত্ব না নিয়ে জাপানের এভাবে শুধু ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।
কোরীয় উপদ্বীপে ‘কমফোর্ট ওমেন’ শব্দটির সঙ্গে আবেগ জড়িয়ে আছে। এই ইস্যুটি নিয়ে দশকের পর দশক ধরে জাপান ও কোরিয়ার মধ্যে টানাপোড়েনও চলেছে। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের সময়ে অপশাসনের প্রতীক হিসাবেও দেখা হয় ‘কমফোর্ট ওমেন’ ইস্যুটিকে। সম্প্রতি জাপান এই নারীদের প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের আচরণের জন্য ক্ষমা চাইলেও এই তাঁদের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আইনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে।
এ ইস্যুতে ক্ষমা চাওয়ার অংশ হিসেবে ‘কমফোর্ট ওমেনদের’ মধ্যে যে অল্প কয়েকজন এখনো বেঁচে আছেন তাঁদের জন্য গত বছরের ডিসেম্বরে সাড়ে ৮ মিলিয়ন ডলারের (প্রায় ৬৮ কোটি টাকা) এই তহবিল গড়ে তোলার বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া একটি ‘চূড়ান্ত ও অপরিবর্তনীয়’ চুক্তি করতে সম্মত হয়। তবে শুরু থেকেই এই চুক্তির তীব্র নিন্দা জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার অনেক নারী ও মানবাধিকার কর্মী।

আজ বৃহস্পতিবার দ্য রিকনসিলিয়েশন অ্যান্ড হেলিং ফাউন্ডেশন নামের ওই তহবিল গঠনের উদ্বোধনী অনুষ্ঠানে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, ‘অর্থ দিয়ে ভুক্তভোগীর বিষয়ে আপনারা নিশ্চুপ থাকতে পারেন না।’ বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘কমফোর্ট ওমেনরা যা চান, এটা তা নয়।’
ওই তহবিল কর্তৃপক্ষ যেখানে সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেখানে কয়েকজন কলেজের শিক্ষার্থী প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের জোর করে সেখানে থেকে সরিয়ে দেয়। একজন বিক্ষোভকারীকে পুলিশ সরিয়ে দেওয়ার সময় তিনি কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকেন, ‘ভুক্তভোগীদের কথা শুনুন।’
তবে ভুক্তভোগী ‘কমফোর্ট ওমেনরা’ এই তহবিল গঠনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন ফাউন্ডেশন প্রধান কিম তাই-হু। সাংবাদিকদের তিনি বলেছেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে তিনি দেখা করেছেন। তাঁদের জীবদ্দশায় এই ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেন, এই চুক্তিটি পুরোপুরি সন্তোষজনক নয়। কিন্তু আমরা এ ব্যাপারে যে ছোট আলোর সন্ধান পেয়েছি তা বিতর্ক করে নিভিয়ে দেওয়া উচিত হবে না। তিনি জানান, বেঁচে থাকা ‘কমফোর্ট ওমেনদের’ অনেকে অসুস্থ ও নিঃস্ব অবস্থায় আছেন। তাঁদের শেষ ইচ্ছা পূরণ এই তহবিলের অর্থ ব্যয় করা হবে।
প্রথম সারির ইতিহাসবিদদের দেওয়া তথ্য অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সামরিক শিবিরে ২ লাখ নারী ‘কমফোর্ট ওমেন’ হিসেবে কাজ করতে বাধ্য হন। তাঁদের বেশির ভাগই ছিলেন কোরীয়। এ ছাড়া চীনসহ এশিয়ার কয়েকটি দেশের নারীকেও এ কাজে বাধ্য করা হয়েছিল।