জাপানের আত্মরক্ষার আইন পরিবর্তনের পথ সুগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত জাপানের সেনাবাহিনীর দেশের বাইরে যুদ্ধ করার পথ প্রশস্ত হচ্ছে। দেশটির পার্লামেন্টের একটি কমিটি প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বাড়ানো-সংক্রান্ত দুটি বিল আলোচনার জন্য অনুমোদন করেছে। বিরোধীদলীয় এমপি এবং অধিকারকর্মীরা পার্লামেন্টের বাইরে এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলছেন, দেশের নিরাপত্তার স্বার্থেই এ সংস্কার দরকার। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, বেশির ভাগ জাপানি এর বিরোধিতা করে।
গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের নিরাপত্তা-সংক্রান্ত বিশেষ কমিটি বিল দুটিতে অনুমোদন দেয়। এখন বিল দুটি নিম্নকক্ষের পূর্ণ অধিবেশনে আলোচনা ও অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তবে পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন পেলেই কেবল বিলটি পাস হবে। অনেকেই মনে করেন, পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি পাস হয়ে যাবে, কারণ দুটোতেই আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
উত্থাপিত বিল অনুযায়ী তিনটি শর্ত পালন করা হলে জাপানি প্রতিরক্ষা বাহিনী বহির্বিশ্বের যুদ্ধে অংশ নিতে পারবে। প্রথম শর্ত, জাপান বা এর কোনো প্রতিবেশী যদি আক্রান্ত হয় এবং এর ফলে জাপানের অস্তিত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হয়। দ্বিতীয়ত, আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কোনো বিকল্প যদি না থাকে এবং জাপানের অস্তিত্ব ও জনগণের সুরক্ষার প্রয়োজন হয়। তৃতীয়টি হলো, শক্তি প্রয়োগ যতটা সম্ভব কম করতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জাপানের সংবিধানে কেবল আত্মরক্ষা ছাড়া অন্য যেকোনো বিরোধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়।
জাপানের বহুল প্রচারিত আশাহি শিম্বুন পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চালানো একাধিক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি জাপানি বিল দুটি পাসের বিপক্ষে।
প্রধানমন্ত্রী আবে গতকাল এক ভাষণে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বিলটি সম্পর্কে জাপানের মানুষের পরিপূর্ণ ধারণা নেই। লোকে যাতে এর গুরুত্ব বুঝতে পারে, আমি সে জন্য যথাসম্ভব চেষ্টা করে যাব।’
বিল দুটি পাসের প্রক্রিয়া শুরুর পর থেকে জাপানের দুই প্রতিবেশী দেশ চীন ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়ে আসছে। তাদের আশঙ্কা, নতুন করে জাপানের সামরিকীকরণ ঘটছে।