প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে গতকাল শনিবার চীনা উপকূলরক্ষীদের চারটি জাহাজ অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে জাপানি পক্ষ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল বলে দেশটির অভিযোগ। জাপানের উপকূলরক্ষীরা বলেছেন, চীনা জাহাজগুলো গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে জাপাননিয়ন্ত্রিত ওই দ্বীপপুঞ্জ এলাকায় ঢুকে পড়ে। তবে দুই ঘণ্টার মধ্যেই সেগুলো আবার চলে যায়। জাপানে ওই জনবসতিহীন দ্বীপপুঞ্জ সেনকাকু এবং চীনে দিয়াওইউ নামে পরিচিত। এর আগে ৬ নভেম্বরও একই ঘটনা ঘটে। ওই ঘটনার পর বেইজিংয়ে জাপানের দূতাবাসের মাধ্যমে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ওই দ্বীপপুঞ্জ ‘জাপানের অবিচ্ছেদ্য অংশ’ উল্লেখ করে অভিযোগ করে টোকিও।