জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প
জাপানের উপকূলে গতকাল শনিবার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।
স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় প্রায় এক মিনিট ধরে ভবনগুলো দুলতে থাকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে মাটির ৬৭৬ কিলোমিটার গভীরে।
শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি একটি এলাকার বাসিন্দা ইয়োশিউকি সাসামোতো বলেন, ‘কম্পনের তীব্রতা ছিল মারাত্মক। আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আবার হাঁটতেও পারছিলাম না।’
ভূমিকম্পটি আঘাত হানার পর আকাশপথে টোকিও যাওয়ার প্রধান প্রবেশদ্বার নারিতা বিমানবন্দরের দুটি রানওয়ে পরীক্ষার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। টোকিওতে ট্রেন চলাচল এবং শহরে অনুষ্ঠেয় একটি ফুটবল ম্যাচও সাময়িকভাবে স্থগিত করা হয়।
২০১১ সালে সাগরতলে বড় ধরনের ভূমিকম্প হলে দেশটির উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানে। উপর্যুপরি এ দুই আঘাতের ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল।