জাপানের করোনা সংক্রমণের সংখ্যা ক্রমেই বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারির পর সরকারি কর্মীরা রাস্তায় নেমে এসে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। ১৪ এপ্রিল, টোকিও, জাপান। ছবি: রয়টার্স
করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারির পর সরকারি কর্মীরা রাস্তায় নেমে এসে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। ১৪ এপ্রিল, টোকিও, জাপান। ছবি: রয়টার্স

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতো আজ মঙ্গলবার বলেছেন, ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শিনজো আবে দেশের সাতটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করার পর থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে। সন্দেহ নেই এ রকম অবস্থা চলতে থাকলে জাপানের স্বাস্থ্যসেবাব্যবস্থা ভেঙে পড়ার যে সতর্কতা গবেষকেরা বেশ কিছুদিন ধরে উচ্চারণ করে আসছিলেন, তা হয়তো সত্যি হতে পারে। ফলে জাপানের জন্য এখন সামনে কী হয় তা দেখার অপেক্ষায় বসে থাকার সময় আর নেই। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জাপানের রাজধানী টোকিওতে করোনাভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। সারা দেশে শনাক্ত হওয়া মোট সংক্রমণের এক-তৃতীয়াংশের কাছাকাছি টোকিওতে। অথচ সংক্রমণ সামাল দেওয়ার জন্য অনেক সময় পেয়েছিল টোকিও। জাপান সরকারের দোদুল্যমানতার পাশাপাশি নাগরিকদের মধ্যে সংক্রমিত না হওয়ার বদ্ধমূল ধারণার ফলে নেই সুযোগ নষ্ট হয়েছে।

টোকিওর প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়েছিল জানুয়ারির শেষ দিকে। শনাক্ত হওয়া ব্যক্তি ছিলেন চীনের উহান থেকে আসা একজন পর্যটক। এরও প্রায় দুই সপ্তাহ পর, ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো একজন টোকিওবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেই ব্যক্তি ছিলেন ৭০ বছর বয়সী একজন ট্যাক্সিচালক। জানুয়ারির শেষ দিকে তিনি ট্যাক্সিচালকদের নববর্ষের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য সেই একই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও কয়েকজন ট্যাক্সিচালকের করোনাভাইরাসে সংক্রমিত হন বলে জানা গেছে।

১৩ ফেব্রুয়ারির ঘটনাকে সতর্কসংকেত হিসেবে ধরে নিলে দেখা যায়, টোকিও প্রশাসন এই মহামারি ঠেকাতে বা সিদ্ধান্ত নিতে প্রায় দুই মাস সময় পেয়েছে। এই সময়ের মধ্যে করোনা রোগীর সংখ্যাই কেবল লাফিয়ে বাড়েনি, পাশাপাশি প্রায় দেশজুড়ে সংক্রমণ কম-বেশি ছড়িয়ে পড়েছে।

জাপানের সংবাদমাধ্যম আজ খবর দিয়েছে, দূরবর্তী ওকিনাওয়া জেলার ছোট একটি পর্যটন দ্বীপ ইশিগাকি জিমায়ওয়ে দুজন দ্বীপবাসী শরীরে করোনাভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। ফলে বলা যায়, জাপানের কোনো জায়গাই এখন আর নিরাপদ বলে ভেবে নেওয়া যায় না। এ কারণেই কেবল জরুরি অবস্থা ঘোষণা নয়, একই সঙ্গে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের ওপর চাপ বেড়েছে। তবে জাপান সরকার এতে বিচলিত বোধ করছে বলে মনে হয় না। সরকার এখন প্রণোদনা থোকের খুঁটিনাটি ঠিক করার কাজে ব্যস্ত। এর পেছনে মহামারি মোকাবিলার চিন্তাভাবনা যতটা আছে, তার চেয়ে বেশি মনে হয় আছে অর্থনীতির ওপর এর ক্ষতিকর প্রভাব কীভাবে সীমিত রাখা যায়, সেই দুশ্চিন্তা।

প্রধানমন্ত্রী শিনজো আবে আজ সংসদে দেওয়া ভাষণে বলেছেন, আগামী সপ্তাহে তার সরকার ১০৮ লাখ কোটি ইয়েন বা প্রায় ১ লাখ কোটি ডলারের জরুরি অর্থনৈতিক থোকের অর্থ জোগানোর উদ্দেশ্যে চলতি মাস থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের অতিরিক্ত বাজেট পেশ করবে। জাপানের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ২০ শতাংশের সমান এই থোককে তিনি বিশ্বের সবচেয়ে বড় একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, মহামারি সামাল দেওয়ায় অন্যান্য দেশের চেয়ে জাপান যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এই পথে সরকার এগিয়েছে। তবে করোনাভাইরাসের নতুন ওষুধ আবিষ্কার কিংবা ইতিমধ্যে প্রচলিত ওষুধের কার্যকারিতা যাচাই করে দেখার বাইরে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া সামাল দেওয়ার ব্যাপারে আর কোনো পদক্ষেপ জাপান নেবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

আর এ কারণেই টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকে কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নন। বিশেষ করে জরুরি অবস্থা ঘোষণা করা হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানায় তিনি উদ্বিগ্ন। ফলে নিজে তিনি আগ বাড়িয়ে রাজধানীতে কোনো প্রতিষ্ঠান খোলা থাকবে এবং কোনোগুলো নয়, তার একটি তালিকা প্রস্তুত করেছেন। টোকিওর গভর্নর রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে দৃশ্যত প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন।

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা টানা চার দিন এক শর অনেক ওপরে থাকার পর গতকাল সোমবার শতকের হিসাবের নিচে নেমে এসেছিল। তবে আজ মঙ্গলবার তা আবারও ঊর্ধ্বমুখী। টোকিওতে আজ ১৬০ জন ব্যক্তির নতুন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়। আজকের হিসাব নিয়ে জাপানের রাজধানীতে মোট শনাক্ত হওয়া লোকজনের সংখ্যা এখন ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক পরীক্ষার পরিমাণ বাড়ানো হলে এই সংখ্যা আরও বাড়বে। জাপানে এখন প্রতিদিন সাত হাজার পরীক্ষা করা হয়। অন্যান্য উন্নত দেশের তুলনায় এই সংখ্যা যথেষ্ট কম। সরকার ইতিমধ্যে দৈনিক পরীক্ষার পরিমাণ ২০ হাজার পর্যন্ত বাড়িয়ে নেওয়ার একটি পরিকল্পনা ঠিক করে নিয়েছে।

করোনার চিকিৎসা
নতুন করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করায় যক্ষ্মা রোগের প্রতিষেধক বিসিজি টিকার কার্যকারিতা নিয়ে ইদানীং বিভিন্ন দেশে আলোচনা চলতে থাকলেও এখন পর্যন্ত এর তেমন প্রমাণ না পাওয়া যায়নি। চিকিৎসা বিশেষজ্ঞেরা এটা কাজে লাগানো নিয়ে সতর্ক করে দিচ্ছেন। জাপানে শিশুদের জন্মের পর যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা দেওয়া হয়। এদিকে জাপানের সোসাইটি ফর ভেক্সিনোলোজি বিজ্ঞানসম্মত প্রমাণের অভাবের উল্লেখ করে বলেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বিসিজির কার্যকারিতা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু তারা বলতে পারছে না। ফলে করোনার ওষুধ হিসেবে এটা সুপারিশ করা সমিতির পক্ষে সম্ভব নয়।

এদিকে জাপানের আইচি জেলার একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল বিভিন্ন দেশের তথ্য–উপাত্ত ঘেঁটে বিসিজি টিকার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন। তবে বিসিজি টিকাকে করোনাভাইরাসের চিকিৎসায় কাজে লাগানোর বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত রোববার প্রকাশিত এক ব্রিফিংয়ে সংস্থাটি বলেছে, বিসিজি টিকার স্থানীয় সরবরাহ অন্য চিকিৎসায় সরিয়ে নেওয়া হলে নবজাতক টিকা থেকে বঞ্চিত হতে পারে। তাতে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়া ও প্রাণ হারানোর ঝুঁকি বাড়বে।

কারাবন্দীদের সাহায্যের হাত
করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে জাপানের লড়াইয়ে সাহায্য করতে দেশের কারাবন্দীরাও এখন এগিয়ে এসেছেন। জাপানের সংবাদমাধ্যম খবর দিয়েছে, কিওতো, ওসাকা ও আওমোরি জেলাসহ আরও কয়েকটি জেলার কারাগারের প্রায় ১০০ জন বন্দী বেসরকারি খাতের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশ মেটাতে প্রতি মাসে ৬৬ হাজার মাস্ক তৈরি করবেন। এসব কারাবন্দী চামড়া কিংবা কাঠের বিভিন্ন পণ্য তৈরি করে থাকেন।

অন্যদিকে সুরক্ষা পোশাকের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় কিওতো ও ওসাকার কয়েকটি কারাগারে এগুলো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ইয়োকোহামা ও হোক্কাইডোর উত্তরের একটি শহরের কারাবন্দীরাও উৎপাদন প্রক্রিয়ায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।