দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভূমিকায় দেশটির ক্ষমা চাওয়া বন্ধ করা উচিত। গতকাল বুধবার প্রকাশিত এক মতামত জরিপে বেশির ভাগ অংশগ্রহণকারী এই মত ব্যক্ত করেছেন। খবর এএফপির।
তবে গত ১৪ আগস্ট জাপানি বাহিনীর আত্মসমর্পণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের ভাষণের বিষয়ে বিভক্ত হয়ে পড়েন জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিরা। শিনজো আবের ওই ভাষণের সমালোচনা করে চীন ও দক্ষিণ কোরিয়া।
যুদ্ধ-সমাপ্তির ৭০তম বার্ষিকীর প্রাক্কালে জাপানের প্রধানমন্ত্রী ওই যুদ্ধে জাপানের ভূমিকা নিয়ে ‘গভীর দুঃখপ্রকাশ’ করেন এবং বলেন, তাঁর দেশের অতীতের সরকারগুলো যে ক্ষমা চেয়েছিল, তা বহাল থাকবে। তবে তিনি জাপানের ভবিষ্যৎ প্রজন্মকে এ নিয়ে আর দুঃখপ্রকাশ করতে হবে না বলে উল্লেখ করেন।
জাপানের সংবাদপত্র ইয়োমিউরিতে জরিপের ফল প্রকাশিত হয়েছে। ওই জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশের মত—জাপানের ক্ষমা চাওয়া অব্যাহত রাখা উচিত নয়। তবে ২৭ শতাংশ অংশগ্রহণকারী ক্ষমা চাওয়া অব্যাহত রাখা উচিত বলে মনে করেন। যদিও দুই-তৃতীয়াংশেরও বেশি মতামত প্রদানকারী জাতীয়ভাবে আগে যে ক্ষমা চাওয়া হয়েছিল তা বহাল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শিনজোর বক্তব্যকে সমর্থন করেন।
চীন, দক্ষিণ কোরিয়াসহ জাপানের প্রতিবেশী দেশগুলো বিশ্বযুদ্ধকালীন জাপানের একজন মন্ত্রীর নাতি প্রধানমন্ত্রী শিনজো আবের বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তারা আবের ওই বক্তব্যের সমালোচনা করে বলেছে, বক্তব্যে টোকিওর অতীতের আগ্রাসনের বিষয়ে যথাযথ অনুশোচনা প্রকাশ পায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এশিয়ায় জাপানি সেনাদের নির্মমতার সবচেয়ে বড় শিকার হয় চীন ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটি বরাবর বলে আসছে, জাপান কখনোই অতীতের এসব নৃশংসতার জন্য পুরোপুরি অনুশোচনা প্রকাশ বা নিঃশর্ত ক্ষমা চায়নি। যদিও জাপানের অতীতের একাধিক সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আগ্রাসী ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেয়। যুদ্ধ-সমাপ্তির ৭০তম বার্ষিকীর প্রাক্কালে দেওয়া ভাষণে রক্ষণশীল প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘জাপানের মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রজন্মের। ওই যুদ্ধ নিয়ে তাদের কিছু করার নেই। আমরা চাই না, আমাদের ছেলে, নাতি ও আরও পরের প্রজন্ম ক্ষমা চাওয়া অব্যাহত রাখুক।’