জাপানের জরুরি অবস্থা সারা দেশে সম্প্রসারিত হতে পারে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৭ এপ্রিল থেকে রাজধানী টোকিওসহ সাত জেলায় কার্যকর হওয়া জরুরি অবস্থা দেশ জুড়ে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন। জাপানের সংবাদমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী সরাসরি কোনো বক্তব্য না রাখলেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা কিওদো নিউজসহ কয়েকটি দৈনিক পত্রিকা লিখেছে, করোনাভাইরাস সংক্রমণ সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে থমকে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও চাঙা করে তুলতে জাপান সরকার দেশের সব নাগরিককে এককালীন ১ লাখ ইয়েন বা প্রায় ৯২৬ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রস্তাবিত সম্পূরক বাজেট বিলে প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করার নির্দেশ অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন। এর আগে সরকারের প্রণোদনায় ভাইরাস সংক্রমণের ফলে আয় কমে যাওয়া পরিবারগুলোকে এককালীন ৩ লাখ ইয়েন দেওয়ার প্রস্তাব ছিল। তবে সরকারের ভেতরের কয়েকটি সূত্র বলছে, ক্ষতিগ্রস্ত পরিবার নির্ধারণ করে নেওয়ার মাপকাঠি পরিষ্কার না হওয়ায় ক্ষমতাসীন জোটের পাশাপাশি প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দলেও বিষয়টি নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল।
সরকার এখন বলছে ১ লাখ ইয়েনের ঢালাও প্রণোদনা একই সঙ্গে খুচরা বিক্রিতে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে পরোক্ষভাবে সাহায্য করবে। নাগরিকদের বাড়িতে থাকার জন্য জানানো অনুরোধ এই সব ব্যবসার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এদের অনেকেই নিজেদের দেউলিয়া ঘোষণা করতে পারে।
সমালোচনায় আকিয়ে আবে
করোনাভাইরাস সংক্রমণ দেশ জুড়ে ছড়িয়ে পড়া অবস্থায় বিলাসী জীবন অব্যাহত রাখার জন্য আবারও সমালোচনার মুখে পড়েছেন জাপানে প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে। জাপানের সাপ্তাহিক শুকান বুনশুন আজ প্রকাশিত চলতি সপ্তাহের সংখ্যায় জানিয়েছে, প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণার অনুমতি দেওয়া আইনের একটি সংশোধনী পার্লামেন্টে পাশ হওয়ার একদিন পর, ১৫ মার্চ আকিয়ে আবে তাঁর বন্ধুদের সঙ্গে উত্তর পূর্ব জাপানের ইওয়াতে জেলায় বেড়াতে যান। সেখানে তাঁকে মাস্ক না পরা অবস্থায় উসা শহরের উসা-জিঙ্গু শিনতো মন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেখা গেছে।
এর একদিন আগে আইনের সংশোধনী নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবে বক্তব্য রাখেন। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য নাগরিকদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান তিনি। সাময়িকীটি বলছে, প্রধানমন্ত্রীর নিজের ঘরে সেই বক্তব্যের প্রতিফলন ঘটতে দেখা যায়নি। এর আগে বন্ধুদের সঙ্গে চেরি ফুলের শোভা উপভোগের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে সমালোচনার মুখে পড়েছিলেন আবের স্ত্রী।