জাপানের একটি আদালত নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে দুটি পারমাণবিক চুল্লি বন্ধের নির্দেশ দিয়েছেন। চুল্লি দুটিকে এর আগে নিরাপদ ঘোষণা করা হয়েছিল। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের পঞ্চম বর্ষপূর্তির কয়েক দিন আগে আদালতের এই নির্দেশ এল।
অতসু ডিস্ট্রিক্ট আদালত গতকাল বুধবার নির্দেশ দেন, টোকিওর প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাকাহামা পারমাণবিক কেন্দ্রের ৩ ও ৪ নম্বর চুল্লি বন্ধ করে দিতে হবে। এই নির্দেশের ফলে জাপানে চালু থাকা পারমাণবিক চুল্লির সংখ্যা মাত্র দুটিতে নেমে আসবে। ২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটিতে অনেকগুলো পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নেওয়া পারমাণবিক চুল্লি-সংক্রান্ত নিরাপত্তা বিধিমালার আওতায় এই প্রথম কোনো চুল্লি বন্ধের নির্দেশ দেওয়া হলো।
এ-সংক্রান্ত মামলার বাদী এবং স্থানীয় বাসিন্দারা আদালতের এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান।
চুল্লিগুলো পরিচালনাকারী কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানি আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও তা মেনে চুল্লি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফুকুশিমা বিপর্যয়-পরবর্তী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাপানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় শিল্পোন্নত দেশটিতে পারমাণবিক জ্বালানিবিরোধী জনমত শক্তিশালী হয়ে ওঠে। তবে জ্বালানির চাহিদার কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে গত বছর পারমাণবিক চুল্লিগুলো আবার চালুর উদ্যোগ নেন। সরকারের ভাষ্য, পারমাণবিক চুল্লিগুলো চালু করাই জাপানের জ্বালানি-সংকটের প্রধান সমাধান। এর মাধ্যমে সরকার আবারও সাশ্রয়ী জ্বালানি উৎসের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে।
এরপর থেকে পারমাণবিক চুল্লি চালু এবং সেখানে বিদ্যুৎ উৎপাদনের বিপক্ষে জাপানের বিভিন্ন এলাকায় মামলা করা শুরু করেন পারমাণবিক জ্বালানিবিরোধীরা। অতসু ডিস্ট্রিক্ট আদালতের এই সিদ্ধান্তকে শিনজো আবের পারমাণবিক জ্বালানি আবার চালুর উদ্যোগে এক বড় ধাক্কা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।