জাপানের নিরাপত্তা আইনের নিন্দা জানিয়েছে চীন
জাপানের সদ্য পাস হওয়া নতুন জাতীয় নিরাপত্তা আইনের নিন্দা জানিয়েছে চীন। প্রতিবেশী দেশটির এই নীতি আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলবে বলেও অভিযোগ করেছে চীন। খবর বিবিসির।
দীর্ঘ বিতর্ক ও বিরোধীদের বাধায় বিলম্বিত হওয়ার পর জাপানের পার্লামেন্টে গত শুক্রবার গভীর রাতে নতুন নিরাপত্তা আইনটি পাস হয়। দেশে ব্যাপকভাবে বিতর্কিত ওই আইনের ফলে জাপানের সেনারা এখন দেশের বাইরে গিয়েও যুদ্ধে অংশ নিতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো বিদেশে গিয়ে যুদ্ধের অনুমতি দেওয়া হলো জাপানের বাহিনীকে।
জাপানের নতুন এই আইনের নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘জাপানের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।’ চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘জাপানের সামরিক বাহিনী যে অবস্থান নিচ্ছে, তা আরও বিপজ্জনক হয়ে উঠছে...দুঃখজনক বিষয় হলো, ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান ভুল স্বীকার করেছিল; জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সেই একই ভুলের পুনরাবৃত্তির পথে গেলেন।’
দক্ষিণ চীন সাগরে বেশ কিছু দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে সেই উত্তেজনা আরও বেড়েছে।
গত শুক্রবার গভীর রাতে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে নতুন নিরাপত্তা আইন পাস হয়। এই আইনের পক্ষে ১৪৮ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৯০ জন সদস্য।
কিছুদিন আগে পার্লামেন্টের নিম্নকক্ষেও নতুন ওই আইন পাস হয়। বিরোধীরা দুই কক্ষেই এই আইনের ব্যাপক সমালোচনা করেন ও বিরুদ্ধে ভোট দেন।