জাপানের পার্লামেন্টে বিতর্কিত নিরাপত্তা বিল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ দেশের নিরাপত্তা আইনে পরিবর্তনসংক্রান্ত দুটি বিতর্কিত বিল গতকাল বৃহস্পতিবার অনুমোদন করেছে। এই প্রস্তাবিত আইনের বিষয়ে জনমনে ক্ষোভ রয়েছে। এগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হলে জাপানি সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার বিদেশে গিয়ে লড়াইয়ে অংশ নিতে পারবে। খবর এএফপি ও বিবিসির।
পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন পেলেই আইনগুলো কার্যকর হবে। জাতীয় নিরাপত্তা আইনে এই পরিবর্তনের উদ্যোগের বিরুদ্ধে রাজধানী টোকিওতে পার্লামেন্টের বাইরে গতকাল হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানি সেনাবাহিনীর ভূমিকায় পরিবর্তন এনে সামরিক কার্যক্রম আরও সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে জনমত জরিপ অনুযায়ী, দেশটির অর্ধেকের বেশি মানুষ বিল দুটির বিরোধিতা করছে।
পার্লামেন্টের নিম্নকক্ষে বিল দুটি অনুমোদনের সময় শিনজো আবের নেতৃত্বাধীন জোটের আইনপ্রণেতারা উপস্থিত ছিলেন। প্রধান বিরোধী দলসহ অন্যরা বিল দুটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। ওই ভোটাভুটির পর প্রধানমন্ত্রী আবে বলেন, জাপানের আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ মারাত্মক হয়ে উঠছে। এ সময় তিনি চীনের উত্থানের প্রতি ইঙ্গিত করেন। আবে বলেন, ‘জাপানি জনগণের সুরক্ষা এবং নতুন কোনো যুদ্ধ বেধে যাওয়ার আগেই তা প্রতিরোধের জন্য নিরাপত্তা আইন পরিবর্তনের প্রয়োজন।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাপানের ওই যুদ্ধ-পরবর্তী সংবিধান অনুযায়ী সেনাবাহিনীকে শুধু জাতীয় প্রতিরক্ষা ছাড়া আর কোনো লড়াইয়ে পাঠানোর সুযোগ নেই। নিরাপত্তা আইন পরিবর্তন করার উদ্যোগ সফল হলে দেশটির সামরিক কার্যক্রমের পরিধি বাড়বে। জাপান বা তাদের কোনো মিত্র দেশের ওপর হামলা হলে যদি তা ‘জাপানের স্বার্থের জন্য হুমকি এবং জনসাধারণের জন্য বিপদের কারণ হয়’, তাহলে সেনাবাহিনী তৎপর হতে পারবে। আক্রমণ প্রতিহত করার আর কোনো উপযুক্ত উপায় না থাকলে ‘জাপানের অস্তিত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য’ সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। তবে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থাকবে।
প্রতিবেশী দুই দেশ চীন ও দক্ষিণ কোরিয়ায় জাপানের নিরাপত্তা আইন পরিবর্তনের বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন আইনের মধ্য দিয়ে জাপান তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী নীতি পরিত্যাগ করছে কি না, সেই প্রশ্ন করেছে চীন। আইন পাসের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং ‘শান্তিপূর্ণ উন্নয়নের পথে থাকার জন্য’ টোকিওর প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়াও একই ধরনের প্রতিক্রিয়ায় জাপানকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান রাখতে এবং প্রতিরক্ষানীতিতে ‘স্বচ্ছতা বজায় রাখার’ আহ্বান জানিয়েছে।