জাপানের পার্লামেন্টে ব্যাপক হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সেনাদের দেশের বাইরে যুদ্ধে অংশ নেওয়ার বিধান-সংবলিত নিরাপত্তা বিল নিয়ে দেশটির পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার ব্যাপক হট্টগোল হয়েছে। তারপরও পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি ওই বিল অনুমোদন করেছে। দু-এক দিনের মধ্যে তা উচ্চকক্ষে উত্থাপন করা হবে। খবর এএফপির।

জাপানের উচ্চকক্ষে এ ধরনের হট্টগোলের ঘটনা বিরল। গতকাল নিরাপত্তা কমিটিতে ওই বিলের ওপর ভোটাভুটি বন্ধ রাখার লক্ষ্য নিয়ে বিরোধী আইনপ্রণেতারা রীতিমতো ধস্তাধস্তি করেন। তাঁরা একপর্যায়ে নিরাপত্তা কমিটির প্রধান ইয়োশিতাদা কোনোইকের মাইক্রোফোন ও নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তবে অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে ভোটাভুটিতে নিরাপত্তা কমিটিতে ওই বিল অনুমোদিত হয়। ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতারা বিলের পক্ষে ভোট দেন। দু-এক দিনের মধ্যে উচ্চকক্ষে পূর্ণাঙ্গভাবে পাস হয়ে তা আইনে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাহলে জাপানি সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশের বাইরে গিয়ে কোনো যুদ্ধে অংশ নিতে পারবে।  

পার্লামেন্টের বাইরে বিক্ষোভ: পার্লামেন্ট ভবনের বাইরে গতকাল বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৫০০ মানুষ জড়ো হয়ে নিরাপত্তা বিল বাতিলের দাবিতে  বিক্ষোভ করে। কেউ কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির একনায়ক এডলফ হিটলারের চেহারার আদলে আঁকা প্রধানমন্ত্রী শিনজো আবের ছবি নিয়ে বিক্ষোভে যোগ দেন।

প্রধানমন্ত্রী আবে ও তাঁর সহযোগীরা বলেছেন, চীনের আঞ্চলিক প্রভাব ক্রমে বাড়ছে। আর উত্তর কোরিয়া সম্পর্কে আগে থেকে কিছু বলা যায় না। এই প্রেক্ষাপটে নিরাপত্তা আইনে পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।

তবে সমালোচকদের মতে, সেনাবাহিনীর কার্যক্রম পরিবর্তনের উদ্যোগটি অসাংবিধানিক। প্রস্তাবিত নতুন আইন পাস হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র যেসব যুদ্ধ করছে, সেগুলোতে জাপানের জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী, আক্রান্ত না হলে তাদের সেনাবাহিনী দেশের বাইরে গিয়ে যুদ্ধ করবে না।

কয়েক সপ্তাহ ধরে শান্তিকামী লাখো মানুষ প্রায় প্রতিদিনই ওই বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটিতে এত বড় মাত্রায় গণবিক্ষোভ সাধারণত দেখা যায় না। পার্লামেন্ট এলাকায় গত বুধবার আনুমানিক ১৩ হাজার মানুষ জড়ো হয়।