জাপানের মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাপানের পুনর্গঠনবিষয়ক মন্ত্রী মাসাহিরো ইমামুরা গতকাল বুধবার পদত্যাগ করেছেন। তাঁর মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

জাপানের আইনপ্রণেতাদের এক সভায় গত মঙ্গলবার মাসাহিরো ইমামুরা বলেছিলেন, ২০১১ সালের ওই ভূমিকম্প ও সুনামি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানায় এক অর্থে ভালো হয়েছিল। কারণ, তা টোকিওতে আঘাত হানলে আরও বেশি অর্থনৈতিক ক্ষতি হতো। মন্ত্রীর এ বক্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সংবাদমাধ্যমে সাধারণ মানুষের বিক্ষোভের খবর প্রচারিত হতে থাকে। একপর্যায়ে মন্ত্রীর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

অবশ্য সমালোচনার মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন মন্ত্রী মাসাহিরো। তিনি বলেন, ‘তোহোকু এলাকায় মোট ২২ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। কিন্তু টোকিওতে হলে ক্ষতির পরিমাণ অবিশ্বাস্য অঙ্কের হতো। আমি শুধু এটিই বোঝাতে চেয়েছি।’

২০১১ সালে রিখটার স্কেলে ৯ মাত্রার ওই ভূমিকম্পে তোহোকু অঞ্চলের ফুকুশিমায় অবস্থিত পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চেরনোবিলের পর থেকে সবচেয়ে ভয়াবহ পরমাণু সংকটের সৃষ্টি হয়েছিল। ওই ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়। এ ঘটনার ছয় বছর পরও সেখানকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি।