জাপানের 'অপহৃত' সাংবাদিকের নতুন ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাম্পেই ইয়াসুদা
জাম্পেই ইয়াসুদা

সিরিয়ায় ‘অপহৃত’ জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক জাম্পেই ইয়াসুদার নতুন ভিডিও অনলাইনে আপলোড করা হয়েছে। ভিডিওটি ‘সত্য’ বলে মন্তব্য করেছে জাপানি কর্তৃপক্ষ।
সম্প্রতি আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, জাম্পেই ইয়াসুদা কমলা রঙের একটি জামা পরে আছেন। লম্বা চুল-দাঁড়ি নিয়ে তিনি হাতে একটি কাগজ ধরে আছেন, যেটিতে লেখা, ‘সাহায্য করুন। এটাই শেষ সুযোগ—ইয়াসুদা।’
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ছবির ব্যক্তিটিকে জাম্পেই ইয়াসুদা বলেই আমার মনে হচ্ছে।’
এর আগে নিখোঁজ হওয়া ইয়াসুদার বাঁচার আকুতিসংবলিত একটি ভিডিও বার্তা ইন্টারনেটে দেওয়া হয় গত মার্চে। এক মিনিটের ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমার নাম জাম্পেই ইয়াসুদা। আজ ১৬ মার্চ আমার জন্মদিন।’
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আগের ভিডিওটি যিনি আপলোড করেছিলেন, তিনিই নতুন এই ভিডিওটি করেছেন।
ঠিক কোন গোষ্ঠী জাম্পেই ইয়াসুদাকে অপহরণ করেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে রিপোটার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, ওই জাপানি সাংবাদিক যেখান থেকে অপহৃত হয়েছিলেন, সেটি আল-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণ করা এলাকা। এ সংগঠনটি সিরিয়ায় আল-কায়েদার শাখা হিসেবে পরিচিত।
গত বছর জাপানি সাংবাদিক কেনজি গোতো এবং তাঁর বন্ধু হারুনা ইউকাওয়ার অপহৃত হয়েছিলেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে। পরে তাঁদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।