জাভা সাগরে নিখোঁজ বিমানের যাত্রীর লাশ!

ইন্দোনেশিয়ার জাভা সাগরে আজ মঙ্গলবার এক ব্যক্তির লাশ দেখতে পেয়েছেন উদ্ধারকর্মীরা। এটি নিখোঁজ বিমানের কোনো যাত্রীর লাশ বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা সংস্থার প্রধান বামবাং সোয়েলিসতিয়ো এ তথ্য জানান। খবর এএফপির।
রাজধানী জাকার্তায় সংবাদ সম্মেলনে বামবাং সোয়েলিসতিয়ো বলেন, ‘স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সাগরে আমরা একটা কিছু ভাসতে দেখি। এটা কোনো যাত্রীর লাশ হতে পারে।’
সংবাদ সম্মেলনে সাগরে ভাসমান সেই ফুটেজ দেখানো হয়। ফুটেজ টেলিভিশনে দেখে সুরাবায়া শহরে বিমানের নিখোঁজ যাত্রীদের স্বজনেরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় একজন অচেতন হয়ে পড়লে তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ থেকে উদ্ধারকর্মীরা সাগরের তলদেশে বিমানের আদলে ছায়ার মতো জিনিস দেখতে পান। এ তথ্য জানিয়ে বামবাং সোয়েলিসতিয়ো বলেন, একই জায়গায় এমন বস্তুর বন্ধান পাওয়া গিয়েছে, যা বিমানটির ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজে এখন যারা নিয়োজিত, সবাই ঘটনাস্থলের দিকে চলে যাবে।
ওই স্থানটি বোর্নিও দ্বীপের কালিমানতান প্রদেশের পাংকালান বান শহর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
গত রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১। ওই দিন ভোর ৬টা ২০ মিনিটে যাত্রাপথের প্রায় মাঝামাঝি গিয়ে নিখোঁজ হয় এটি। ওড়ার ঘণ্টা খানেক পর এয়ারবাস কোম্পানির এ৩২০-২০০ উড়োজাহাজটির সঙ্গে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এটি থেকে কোনো বিপৎসংকেত আসেনি।
উধাও এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়ে গভীর সাগরে তলিয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হয়ে যাওয়ার স্থান জাভা সাগরে তেলের ভাসমান দুটি স্পট ও কিছু বস্তু শনাক্ত হওয়ায় এ ধারণা দানা বেঁধেছে।