জালালাবাদে বোমা হামলার দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান সদস্যদের লক্ষ্য করে চালানো হামলাস্থল দেখছেন লোকজন। রোববার কাবুলে।
ছবি : এএফপি

আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল রোববার আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ কথা জানায়।

গত শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। গতকাল রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে।

গত শনিবার ও গতকালের এই হামলার দায় স্বীকার করে আইএস বলছে, তাদের হামলায় ৩৫ জন তালেবান সদস্য হতাহত হয়েছেন।

আইএসের এই দাবি প্রসঙ্গে তালেবানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

জালালাবাদে গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সদস্যদের বহনকারী একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, গতকালের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল আইএস।