জিকা ছড়ানোর আশঙ্কা মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মালয়েশিয়া কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই দেশটিতে ওই জীবাণুও ছড়িয়ে পড়তে পারে। গতকাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আশঙ্কার কথা বলেন। ডেঙ্গু ও জিকা দুটোই এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়িয়ে থাকে।
মালয়েশিয়ায় প্রথম জিকায় আক্রান্ত রোগীর সন্ধান মেলে তিন দিন আগে। ওই রোগী রাজধানী কুয়ালালামপুরের কাছেই বসবাসকারী এক নারী। তিনি সম্প্রতি প্রতিবেশী সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। সিঙ্গাপুরে এরই মধ্যে ২ শর বেশি জিকা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন এ দুই দেশের সীমান্ত দিয়ে দুই লাখ মানুষ যাতায়াত করে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম সত্যশিবম তাঁর ফেসবুক পেজে এক পোস্টে বলেন, তাঁদের দেশে জিকা ভাইরাস আছে বলে আশঙ্কা করছে সরকার। মন্ত্রী বলেন, কোটা কিনাবালু শহরের বাসিন্দা এক পুরুষ জিকায় আক্রান্ত দ্বিতীয় রোগী।
মশা নিধনে ব্যাপক হারে কীটনাশক ছিটানো শুরু করেছে মালয়েশিয়া। সেই সঙ্গে সিঙ্গাপুরের সঙ্গে সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।
জিকা ভাইরাস প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীরা এতে আক্রান্ত হলে নবজাতক মাইক্রোকেফালিতে (অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মানো) আক্রান্ত হতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কিছুদিন আগে ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাবের পর এর সঙ্গে মাইক্রোকেফালির সংযোগের বিষয়টি বিশেষজ্ঞদের ধারণায় আসে।
এদিকে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিবেশ সংস্থা গত শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, দেশটিতে স্থানীয়ভাবে জিকায় আক্রান্ত আরও ২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে ২১৫ জন রোগী শনাক্ত হলেন।