জিজ্ঞাসাবাদের জন্য দ. কোরিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট পার্ককে তলব
দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কোরিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে গতকাল বুধবার তলব করেছেন দেশটির আদালতের অভিযোক্তারা। আগামী মঙ্গলবার তাঁকে হাজির হতে বলা হয়েছে।
পার্ককে গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট অভিশংসিত করে। সাংবিধানিক আদালত ওই ভোটকে অনুমোদন দেওয়ায় গত শুক্রবার তাঁর শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে। আগামী ৯ মে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই অভিযোক্তারা পার্কের বিরুদ্ধে ওঠা ঘুষ, অন্যায়ভাবে অর্থ উপার্জন এবং সাম্প্রতিক মাসগুলোয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে পেরেছিলেন। কিন্তু পদমর্যাদাজনিত অব্যাহতির কারণে তাঁকে তলব করা যাচ্ছিল না। সর্বোচ্চ আদালত পদচ্যুত করার পর তিনি সাধারণ নাগরিকে পরিণত হওয়ায় অভিযোক্তারা দ্রুত তলবের উদ্যোগ নেন। গত মঙ্গলবার তাঁরা বলেন, আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে চলেছেন। এর পরদিন, গতকাল তাঁরা পার্ককে আগামী মঙ্গলবার হাজির হতে বলেন।
এদিকে বিবিসি জানায়, পশু অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্টের প্রাসাদ ত্যাগের সময় পার্ক গিউন হে তাঁর পোষা নয়টি কুকুরকে ফেলে গেছেন। রাজধানী সিউলের অভিজাত একটি এলাকায় নিজ বাসায় উঠেছেন তিনি।
পশু অধিকার নিয়ে কাজ করা বুসান কোরিয়ান অ্যালায়েন্স ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (বুসান কাপকা) বলেছে, কুকুরগুলোকে ফেলে গিয়ে পার্ক সম্ভবত দেশের পশু সুরক্ষা আইন লঙ্ঘন করেছেন। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোএক্সিসটেন্ট অব অ্যানিমেল রাইটস অন আর্থও (কেয়ার) একই অভিযোগ করেছে। সেই সঙ্গে কুকুরগুলোর থাকার নতুন জায়গার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব করেছে সংগঠন দুটি।