জিতেই আগের বক্তব্য অস্বীকার নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেক দফা প্রধানমন্ত্রী হলে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবেন না—এ বক্তব্য থেকে দৃশ্যত সরে গেলেন বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে বড় ধরনের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরই সুর বদলে তিনি এখন দ্বি-রাষ্ট্রিক সমাধানের কথা বলছেন। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকলে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব। খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্রের এমএসএনবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমি এক-রাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমি একটি টেকসই, শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চাই। ...বক্তব্য থেকে আমি সরে আসিনি। কিন্তু বাস্তবতা এখন বদলেছে। ’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ অব্বাস গত বৃহস্পতিবার বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যগুলো প্রমাণ করে যে ইসরায়েলি সরকার দুটি পৃথক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক সমাধানের বিষয়টিকে কোনো গুরুত্বই দিচ্ছে না।
ইসরায়েলে গত মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে প্রচার অভিযানের একেবারে শেষ পর্যায়ে নেতানিয়াহু তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, আরেকবার প্রধানমন্ত্রী হলে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দেবেন না।