জিম্মির বিনিময়ে জঙ্গির মুক্তি দাবি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি জাপানের নাগরিক কেনচি গোতোর মুক্তির বিনিময়ে তারা জর্ডানে বন্দী আত্মঘাতী হামলাকারী হিসেবে তালিকাভুক্ত সাজিদা আল রিশাইয়ের মুক্তি দাবি করেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে গোতোর মতো একজন ব্যক্তি রিশাইকে মুক্তি দিতে জাপান সরকারকে জর্ডানের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে বলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিশাইকে মুক্তি না দিলে গোতোকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে তিনি জানান।
সেনা সূত্রের বরাত দিয়ে জর্ডানের টেলিভিশন খবরে জানানো হয়, কর্তৃপক্ষ ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছে।
এদিকে ক্ষমতা গ্রহণের পর বন্দী ইস্যুতে সবচেয়ে গভীর কূটনৈতিক সংকটে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ অভিহিত করে আবে গোতোর মুক্তির জন্য জর্ডানের সাহায্য পেতে দেশটির সঙ্গে আলোচনার একটি উপায় খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।