জিহাদি জনকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

ইসলামিক স্টেটের (আইএস) আলোচিত জঙ্গি ‘জিহাদি জন’-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়।
পেন্টাগনের ভাষ্য, কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজিকে (জিহাদি জন) লক্ষ্য করে সিরিয়ার রাক্কা এলাকার কাছে গতকাল বৃহস্পতিবার ওই বিমান হামলা চালানো হয়।
হামলায় জিহাদি জন নিহত হয়েছেন কি না, তা এখনো যাচাই করছে পেন্টাগন।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই গাড়িতে জিহাদি জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন, এমওয়াজিকে লক্ষ্য করে বিমান হামলার বিষয়ে মার্কিন বিবৃতি সম্পর্কে তারা অবগত। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদের যেসব ভিডিওচিত্র আইএস প্রকাশ করেছে, তার বেশির ভাগ চিত্রেই জিহাদি জনকে শিরশ্ছেদকারীর ভূমিকায় দেখা গেছে। এ কারণেই কুখ্যাত আইএসের এই জঙ্গি।
ব্রিটিশ নিরাপত্তাকর্মী ও পুলিশের ভাষ্য, এমওয়াজিই যে ‘জিহাদি জন’--এ ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত।