জিহাদি জনের জন্য শোকসংবাদ আইএসের

ইসলামিক স্টেটের (আইএস) কুখ্যাত জঙ্গি জিহাদি জনের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে জঙ্গিগোষ্ঠীটি। কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজির (জিহাদি জন) জন্য তারা একটি শোকসংবাদ প্রকাশ করেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আইএস তাদের প্রচারণার সাময়িকীতে স্বীকার করেছে যে, জিহাদি জন গত বছরের নভেম্বরে সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠীটি তাদের অনলাইন সাময়িকী ‘দাবিক’-এ জিহাদি জনের জন্য শোকসংবাদ প্রকাশ করেছে।
আইএস স্বীকার করেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রাকায় গত ১২ নভেম্বর নিহত হন এমওয়াজি। এ সময় তিনি একটি গাড়িতে ছিলেন। তাঁর গাড়ি লক্ষ্য করে মানুষবিহীন ড্রোন থেকে হামলা চালানো হয়। হামলায় গাড়িটি ধ্বংস হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শোকসংবাদের সঙ্গে জিহাদি জনের একটি হাস্যোজ্জ্বল ছবিও দিয়েছে আইএস।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তারা যৌক্তিকভাবে নিশ্চিত যে, রাকায় জিহাদি জন নিহত হয়েছেন।
বিশেষ করে পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদের যেসব ভিডিওচিত্র আইএস প্রকাশ করেছে, এর বেশির ভাগ চিত্রে জিহাদি জনকে শিরশ্ছেদকারীর ভূমিকায় দেখা যায়। মূলত এ কারণেই বিশ্বব্যাপী কুখ্যাত ছিলেন তিনি।
২৭ বছর বয়সী এমওয়াজি পশ্চিম লন্ডনে বেড়ে ওঠেন। কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর পড়াশোনা তিনি। আইএসে যোগ দিতে কয়েক বছর আগে সিরিয়ায় যান এমওয়াজি।