ভূমিকেম্প বিধ্বস্ত নেপালে ধ্বংসাবশেষের নিচ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর গতকাল শনিবার প্রাণহািনর সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। আরও মানবিক সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির মন্ত্রীরা। সার্বিক পরিস্থিতিতে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ইউনিসেফ। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইতিমধ্যে এই দুর্যোগের এক সপ্তাহ হয়ে গেছে। আমরা উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহের জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছি। এখন ধ্বংসস্তূপের ভেতর থেকে আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে আমি মনে করি না।’ ওই মুখপাত্র জানান, গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৬ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ হাজার ২৩ জন।
ভূমিকম্পে নেপালের প্রত্যন্ত অঞ্চলগুলোয় বসবাসকারী হাজারো মানুষের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তার অনেকটাই এখনো অজানা। এমনকি কোনো কোনো স্থানে ত্রাণ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, ভূমিকম্পের আগে নেপালে থাকা ইইউভুক্ত দেশের অন্তত এক হাজার নাগরিকের খোঁজ মিলছে না। গত শুক্রবার নেপালে নিযুক্ত ইইউ দূত রেনচজে টেরিংক এ কথা জানান।
নেপালে প্রয়োজনের তুলনায় ত্রাণের অপ্রতুলতার কথা উঠে আসছে দেশটির মন্ত্রীদের কথাবার্তায়। তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল জানান, এই মুহূর্তে চার লাখ তাঁবুর প্রয়োজন, কিন্তু আছে মাত্র ২৯ হাজার। অর্থমন্ত্রী রাম শরণ মাহাত বলেন, ‘ত্রাণ হিসেবে আমাদের প্রয়োজন খাদ্যশস্য, লবণ ও চিনির মতো খাবার। কিন্তু আমরা পাচ্ছি টুনা মাছ এবং এজাতীয় খাবার।’ তিনি জানান, ‘বিদেশি দাতারা লাখ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন। কিন্তু এখন পর্যন্ত একটি ডলারও সরকারি তহবিলে জমা হয়নি। জানি, এ জন্য একটু সময় প্রয়োজন। এখন পর্যন্ত সবকিছুর খরচ চলছে সরকারি তহবিল ও অভ্যন্তরীণ সম্পদ দিয়েই।
নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব রামেশ্বর দঙ্গল জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকার লোকজন এখনো জরুরি সহায়তা পর্যন্ত পায়নি। অনেকেই উদ্ধার হওয়ার জন্য হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছেন। সাহায্য না পেয়ে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবেন, সেটাই স্বাভাবিক।
কাঠমান্ডু থেকে এক ঘণ্টার দূরত্বে শঙ্খু এলাকা। এখানে ২৫টির মতো বাড়ির সবই ধ্বংস হয়েছে। এর একটি বাড়ি ছিল কৃষ্ণা দেবীর। তিনি জানালেন, তিনি ভূমিকম্পের সময় পরিবারের লোকজন নিয়ে মাঠে ছিলেন। এ কারণে বেঁচে গেছেন। তবে ওই ২৫টি বাড়ির অন্তত ৫০ জন লোক নিহত হয়েছেন। কৃষ্ণা জানান, পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই তাঁর। এই এক কাপড়েই সাত দিন ধরে আছেন। ওই এলাকায় সহায়তার জন্য কেউ যায়নি।
কাঠমান্ডুর তুন্দি খেল ময়দানে অস্থায়ী আশ্রয় শিবিরে অবস্থান নেওয়া ধীরাজ ঠাকুর জানান, এখানে থাকা ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। বাবা-মা স্ত্রী, বোন, ভাগ্নে-সবাইকে নিয়ে এখানে আছেন তিনি। যে ভাড়া বাসায় ছিলেন, সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন কোথাও যাওয়ার জায়গা নেই।
আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে নেপালে বর্ষা মৌসুম শুরু হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় অন্তত ১৭ লাখ শিশু-কিশোর রয়েছে। তারা মৌলিক সেবা পাচ্ছে না। বর্ষা শুরুর আগে পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
নেপালে ইউনিসেফের উপপ্রধান প্রতিনিধি রওনক খান বলেন, হাসপাতালগুলোতে জায়গা নেই, বিশুদ্ধ পানির সংকট, ধ্বংসস্তূপের নিচে অগুনতি মরদেহ পড়ে আছে, হাজারো মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বর্ষা শুরু হলে সেটা হবে যেকোনো রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিবেশ।
এ ধরনের আশঙ্কা থেকে নেপাল সরকার ইতিমধ্যে কাঠমান্ডুর কিছু কিছু এলাকায় পশু জবাই এবং মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করেছে।