জুডিয়ান মরুভূমিতে প্রাচীন গুহার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নতত্ত্ববিদেরা জুডিয়ান মরুভূমির খাঁড়া পাহাড়ে একটি গুহার সন্ধান পেয়েছেন। এই গুহায় এক সময় গুটানো প্রাচীন পাণ্ডুলিপি (ডেড সি স্ক্রলস) রাখা হয়েছিল। ৬০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এ ধরনের গুহার সন্ধান মিলল। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে ১৯৪৬-৪৭ ও ১৯৫৬ সালে বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় জুডিয়ান মরুভূমির প্রত্নতাত্ত্বিক অঞ্চল কামরানে ১১টি গুহায় বিভিন্ন ধরনের ৮০০ এরও বেশি প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া যায়। এই পাণ্ডুলিপিগুলো ডেড সি স্ক্রলস নামে পরিচিত। সারি সারি ওই গুহাগুলোর কিছু প্রাকৃতিক এবং কিছু কৃত্রিমভাবে বানানো। এসব গুহার অবস্থান মৃত সাগরের উত্তর-পশ্চিম তীরের দুই কিলোমিটার ভেতরে।

ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন সন্ধান পাওয়া ওই গুহা থেকে প্রাচীন পাণ্ডুলিপিগুলো হারিয়ে গেছে। সম্ভবত বেদুইন সম্প্রদায় ১৯৫০ এর দশকে ওই পাণ্ডুলিপি লুট করে। ওই গুহা থেকে জিনিসপত্র সংগ্রহে রাখার বয়াম, মোড়ানো পাণ্ডুলিপির টুকরা ও চামড়া দিয়ে পাকানো সুতা পাওয়া গেছে।

আগের ১১টি গুহায় পাওয়া ডেড সি স্ক্রলস বা গুটানো প্রাচীন পাণ্ডুলিপিগুলো খ্রিষ্টপূর্ব চতুর্দশ শতাব্দীর। এগুলো হিব্রু, আরামাইক ও গ্রিক ভাষায় লেখা। এসব পাণ্ডুলিপিগুলোর বেশির ভাগই পশুর চামড়া কিংবা প্যাপিরাসের ওপর লেখা। প্রথম পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় ১৯৪৭ সালে। এসব পাণ্ডুলিপির রচয়িতা কে তা জানা যায়নি। যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, এসব পাণ্ডুলিপি এসেন্স নামে পরিচিত একটি ইহুদি সম্প্রদায়ের।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ড. ওরেন গাটফেল্ড ও আহিয়াদ ওভাদিয়ার নেতৃত্বে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ড. রানডাল প্রাইস ও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খননকারী দলে রয়েছেন। তাঁরা নতুন ওই গুহার সন্ধান পান।