মালদ্বীপে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা
মালদ্বীপের একমাত্র সংবাদপত্র হাভিরু বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী সাংবাদিকদের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির একটি আদালত। তবে ওই সাংবাদিকদেরা বলেছেন, তাঁরা এই আদেশ মানবেন না।
মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হাভিরু থেকে গত মার্চে একযোগে এর সব সাংবাদিক পদত্যাগ করেন। এই পদত্যাগের পর তাঁরা একটি স্বাধীন অনলাইন পত্রিকা বের করেন।
গত রোববার মালদ্বীপের দেওয়ানি আদালত ওই ঘটনায় দেওয়া এক আদেশে বলেন, হাভিরু মিডিয়া গ্রুপের সাবেক কর্মীদের কেউ আগামী দুই বছরের জন্য দেশটির কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। এই আদেশের ফলে অনলাইনভিত্তিক পত্রিকাটিও এখন বন্ধ হওয়ার মুখে পড়ল।
হাভিরুর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহির হোসেনকে এর সম্পাদকীয় ও প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানোর এক আদেশ দিয়েছিলেন আদালত। ওই আদেশে ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির সাংবাদিকেরা গণপদত্যাগ করেছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষমতাসীনদের সমর্থক পত্রিকা বলেই বিবেচিত ছিল হাভিরু। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি বেশ স্বাধীন অবস্থান গ্রহণ করে। এতে কর্তৃপক্ষের অসন্তোষে পড়ে পত্রিকাটি। একপর্যায়ে সাংবাদিকদের সবাই পদত্যাগ করলে অনলাইন সংস্করণসহ পুরো পত্রিকার প্রকাশনাই বন্ধ হয়ে যায়। এরপর তাঁরা মিহারু নামে নিজস্ব অনলাইন পত্রিকা প্রকাশ শুরু করেন।