জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে আজ মঙ্গলবার হামলার পর নিহতদের লাশ নিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি: রয়টার্স
পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে আজ মঙ্গলবার হামলার পর নিহতদের লাশ নিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি: রয়টার্স

পশ্চিম জেরুজালেমের এক ইহুদি উপাসনালয়ে আজ মঙ্গলবার পিস্তল, ছুরি ও কুঠার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ইহুদি নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, হামলাকারী দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। হামলার দায় স্বীকার করেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা দ্য আবু আলি মুস্তফা ব্রিগেড।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কঠোর হাতে এ হামলার জবাব দেওয়া হবে। এ হামলার পেছনে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের কার্যকলাপ উপেক্ষা করেছে।
হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনালয়ে ইহুদি উপাসনাকারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং যারাই এ ঘটনা ঘটাক না কেন, বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানানো হচ্ছে। 
হামাস ও আরেকটি সশস্ত্র দল এ হামলার প্রশংসা করেছে। 
লন্ডন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ হামলাকে ‘সম্পূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।