জেরুজালেমে গাড়ি থেকে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের জেরুজালেমে এক বন্দুকধারীর গুলিতে একজন পথচারী ও একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
পুলিশের দাবি, ওই বন্দুকধারী পূর্ব জেরুজালেমের অধিবাসী একজন ফিলিস্তিনি নাগরিক। তিনি তাঁর গাড়ি থেকে গুলি ছোড়েন।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেমের একটি ট্রাম স্টেশনে এক বন্দুকধারী এ হামলা চালান। এতে এক পথচারী গুলিবিদ্ধ হন। এরপর বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া দেয়। এ সময় বন্দুকধারী আবার গুলি ছোড়ে। এতে পুলিশের এক সদস্য নিহত হন। পুলিশের সঙ্গ গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

ট্রাম স্টেশনটি পুলিশ সদর দপ্তরের কাছেই অবস্থিত।

‘জেরুজালেম পোস্ট’-এর বরাত দিয়ে বিবিসি জানায়, নিহত পথচারী ৬০ বছরের একজন বৃদ্ধা। অপরজন পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা।