জেরুজালেমের ওল্ড সিটির বাইরে গত শুক্রবার ছুরিকাঘাতে খুন হয়েছেন ইসরায়েলের পুলিশ বাহিনীর একজন নারী সদস্য। এ ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিন ফিলিস্তিনি হামলাকারীকে গুলি করে হত্যা করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট পুলিশ হত্যার দায় স্বীকার করলেও এ দাবির পক্ষে সত্যতা পায়নি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিহত ইসরায়েলি পুলিশের নাম হাদাস মালকা (২৩)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুজন ফিলিস্তিনি মিলে ওই ইসরায়েলি পুলিশকে আক্রমণ করে। এ সময় তৃতীয় ফিলিস্তিনি তাঁকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় সন্দেহভাজন দুই তরুণ ও এক তরুণীকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা সবাই পশ্চিম তীরের বাসিন্দা এবং তিনজনই আল-আকসা মসজিদে গিয়েছিলেন। উল্লেখ্য, রমজান উপলক্ষে পশ্চিম তীর থেকে জেরুজালেমে যাওয়ার ওপর আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
শুক্রবারই আইএসের বার্তা সংস্থা আমাক জেরুজালেমে ইসরায়েলি পুলিশ হত্যার দাবি করে বিবৃতি দেয়। বিশ্বজুড়ে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতার নজরদারি করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আইএসের দায় স্বীকারের ঘটনা এটিই প্রথম।
কিন্তু ইসরায়েলের পুলিশের মুখপাত্র লুবা সিমরি বলেন, তাঁদের সেনাবাহিনী তিন হামলাকারীর সঙ্গে কোনো সশস্ত্র জঙ্গি দলের সম্পৃক্ততা খুঁজে পায়নি। অন্যদিকে দুই ফিলিস্তিনি সংগঠন গাজা শাসনকারী হামাস এবং পিপলস ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন উভয়েই নিহত তিন হামলাকারীকে তাদের সদস্য বলে দাবি করেছে।