জেরুজালেমে বিপুল পুলিশ মোতায়েন

আজ শুক্রবার জুমার নামাজের আগে থেকেই জেরুজালেমের ওল্ড সিটিতে বিপুলসংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভের ঘোষণা দিয়েছিল ফিলিস্তিনিরা। এর জন্যই এ পুলিশ মোতায়েন। খবর এএফপির।
ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, ‘শহরে ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের আশপাশে সকাল থেকে পরিস্থিতি ছিল শান্ত। তবে আজ জুমার নামাজের পর পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার আশঙ্কা আছে। ফিলিস্তিনের সংগঠন হামাস আজকের দিনকে ‘ক্রোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
ফিলিস্তিন ও ইসরায়েল—দুটি দেশই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। দীর্ঘ সময় ধরে এ শহরটি নিয়ে দুটি দেশের মধ্যে সংঘাত চলে আসছে।