ঝড়ে লন্ডভন্ড উত্তর ফিলিপাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উত্তরাঞ্চলে গতকাল রোববার সকালে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কোপ্পু। এর আঘাতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ। খবর বিবিসির।
কোপ্পুর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রায় ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়। লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে কোপ্পু। এর প্রভাবে আরও তিন দিন বৃষ্টি হবে। এ কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেক্সন্দার পামা বলেন, লুজনের পূর্বাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রাণহানির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।