টানা দুদিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গত বুধবার টানা দ্বিতীয় দিনের মতো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বজায় থাকা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এটি করল ইরান। গতকালের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত করতে সক্ষম।
ইরান গত মঙ্গলবারও দেশের কয়েকটি স্থানে ভূগর্ভে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) উপপ্রধান জেনারেল হোসেইন সালামি গতকালের পরীক্ষা সম্পর্কে বলেন, ‘দূর পাল্লার কাদের-এইচ এবং কাদের-এফ নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’
জেনারেল হোসেইন সালামি বলেন, ‘তেহরানের প্রতিরোধ শক্তির জানান দিতেই এই পরীক্ষা। এই ঘটনা সব মুসলিম দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি ও সহযোগিতা বয়ে আনবে।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য সম্প্রচার করে। ক্ষেপণাস্ত্র দুটি উত্তর ইরানের আলবুর্জ পর্বতমালা থেকে ছোড়া হয়। এগুলো দক্ষিণ-পূর্বাঞ্চলের মাকরান অঞ্চলের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে।
বার্তা সংস্থা আইএসএনএ ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেকে উদ্ধৃত করে জানায়, গতকাল নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো শত্রু দেশ ইসরায়েলে আঘাত করতে সক্ষম। ব্রিগেডিয়ার হাজিজাদে বলেন, ‘দুই হাজার কিলোমিটার নিরাপদ দূরত্ব থেকে আমাদের শত্রু জায়নবাদী দেশে এটি আঘাত হানতে পারে।’
গত মঙ্গলবার ইরান প্রথম দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এর ফলে যুক্তরাষ্ট্র এককভাবে বা আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে পারে।