টিকটকে পোষা সিংহের ছবি, অতঃপর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের এক নাগরিকের কাছ থেকে একটি পোষা সিংহ আটক করেছে কম্বোডিয়া কর্তৃপক্ষ। গত রোববার দেশটির রাজধানী নমপেনের একটি বাড়ি থেকে এটিকে আটক করা হয়। মূলত টিকটক ভিডিওতে সিংহটির ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
গত এপ্রিলে ভাইরাল হওয়া ওই টিকটক ভিডিওতে দেখা যায়, যত্নের সঙ্গে একটি সিংহকে গোসল করিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। পরে তা প্রশাসনের নজরে এলে সিংহের মালিককে খোঁজা শুরু হয়।
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নেথ হিকত্রা বলেন, চীনের ওই নাগরিক সিংহটি বিদেশ থেকে তাঁর নমপেনের বাড়িতে আমদানি করেছেন। এরপর তিনি তা পোষা শুরু করেন। বর্তমানে এটির বয়স ১৮ মাস, ওজন ৭০ কেজি। গত এপ্রিলের শেষের দিকে টিকটক ভিডিওতে সিংহটি দেখে তাঁরা এ বিষয়ে তদন্ত শুরু করেন। এ ধরনের বন্য প্রাণী পোষার কোনো সুযোগ নেই কম্বোডিয়ায়। ফলে তা আটক করা হয়েছে।