টুথপিকেই আটকে যাচ্ছেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের সিটে গেঁথে রাখা তিনটি টুথপিক। ছবি: এএফপি
বাসের সিটে গেঁথে রাখা তিনটি টুথপিক। ছবি: এএফপি

বাসের সিটে বসে দাঁত খোঁচাতে খোঁচাতে যাচ্ছিলেন বছর ষাটের এক ব্যক্তি। খোঁচানো শেষে পাশের সিটে গেঁথে দিয়েছিলেন কয়েকটি ব্যবহৃত টুথপিক। টুথপিক দিয়ে দাঁতে আটকানো খাদ্যবস্তু বের করলেও এবার গেঁথে রাখা টুথপিকের কারণে হয়তো আটকা পড়তে যাচ্ছেন সিঙ্গাপুরের ওই ব্যক্তি।

মামুলি টুথপিকের কারণে এত বড় ঝামেলায় পড়বেন তা হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওই বৃদ্ধ। এখন তাঁকে ওই অপরাধে পুলিশি ঝামেলাসহ মামলার হ্যাপা সামাল দিতে হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দুই বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তাঁর।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসের সিটে টুথপিক গেঁথে রাখার ঘটনায় সম্পত্তি অনিষ্টের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় সন্দেহভাজন একজনকে আসামি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি বাস কোম্পানি পুলিশের কাছে অভিযোগ করেছে, কোনো এক যাত্রী টুথপিক গেঁথে বাসের সিট ছিদ্র করে ফেলেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সিঙ্গাপুরে অপরাধের হার সবচেয়ে কম। দেশটি হালকা অপরাধেও কঠোর শাস্তি দিয়ে থাকে। এ কারণে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে ৬০ বছর বয়সী ওই বাসযাত্রীকে দুই বছরের সাজা ভোগসহ জরিমানাও দিতে হতে পারে।

গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন অপরাধীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বাসের সিট ফুটো করে গেঁথে রাখা তিনটি টুথপিকের ছবি তুলে গত মাসের শেষের দিকে ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। ওই পোস্টটি আড়াই হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে।

ফেসবুক ব্যবহারকারী এক নারী ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সিটে বসার আগে আমি চেক করে নিয়েছিলাম। নইলে আজ সকালে আমার সঙ্গে যে কী ঘটত!’

সিঙ্গাপুরে লঘু দোষে গুরু শাস্তির বিধান রয়েছে। এ কারণে মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা ও বিতর্কও করছে। ২০১৫ সালে মেট্রো ট্রেনে স্প্রে ব্যবহার করে রং করার কারণে জার্মানির দুই তরুণকে নয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন সিঙ্গাপুর আদালত।