টোকিওর দৈনিক চিহ্নিত সংক্রমণ এবার নামল পঞ্চাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিওতে আজ সোমবার করোনাভাইরাস সংক্রমণে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আরও এক ধাপ নেমে গেছে। এর ফলে পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে জাপানের নিজস্ব ব্যবস্থা কার্যকর প্রমাণিত হওয়ার দাবি আরও শক্ত ভিত্তি পেল। জাপানে পরীক্ষার সংখ্যা সীমিত রাখা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের ব্যাপক সমালোচনার মুখে জাপান শুরু থেকেই বলে আসছিল, সংক্রমণ যেসব জায়গায় কেন্দ্রীভূত, সেই সব ক্লাস্টার খুঁজে বের করে সেখানে যত বেশি সম্ভব পরীক্ষা চালানো হচ্ছে।

টোকিওতে আজ সোমবার ৩৯টি নতুন সংক্রমণ চিহ্নিত করা হয়। গতকাল চিহ্নিত ৭২টি নতুন সংক্রমণের পর আজকের হিসাব আরও হ্রাস পাওয়াকে সাফল্য হিসেবে এখনো ধরে নিচ্ছে না করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্তৃপক্ষ। আজকের হিসাব নিয়ে টোকিওতে মোট চিহ্নিত সংক্রমণের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৭, যা সারা জাপানে চিহ্নিত সংক্রমণের এক–তৃতীয়াংশের কিছু কম।

টোকিওতে এ পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ১০৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৬৬৮ জন, যাদের মধ্যে ৯৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১ হাজার ১৭৩ জন রোগমুক্ত হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার আজসহ গত দুদিনের হিসাবকে যেন কোনো অবস্থাতেই সাফল্য হিসেবে ধরে নেওয়া না হয়, সেদিকে সচেতন আছে জাপানের কর্তৃপক্ষ। তাদের এই সতর্কতা বজায় রাখার একটি কারণ হলো, ছুটির সময়ে পরীক্ষার সংখ্যা কিছুটা হলেও হ্রাস পাওয়া। আর তাই গোল্ডেন উইকের দীর্ঘ এই ছুটির সময়ে লোকজন যেন পরিস্থিতির উন্নতি হচ্ছে ধরে নিয়ে ঢিলেঢালা আচরণ শুরু না করে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া টোকিওর নগর প্রশাসনও যতটা সম্ভব ঘরে থাকার আহ্বান রাজধানীবাসীর প্রতি জানিয়ে আসছে। অন্যান্য শহরেও স্থানীয় প্রশাসন লাউড স্পিকারে নিয়মিত সতর্কবার্তা প্রচার করে যাওয়ার পাশাপাশি স্থানীয় শহরবাসীর কাছে পাঠানো ই-মেইল বার্তায় জনগণকে সতর্ক করে দেওয়া অব্যাহত রেখেছে।

এদিকে জাপান সরকার করোনাভাইরাস–পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক দুরবস্থা লাঘবের লক্ষ্যে প্রণীত বিশাল অঙ্কের এক সম্পূরক বাজেট বিল আজ সংসদে পেশ করেছে। ২৫ লাখ ৬৮ হাজার কোটি ইয়েন বা প্রায় ২৪ হাজার কোটি ডলারের এই সম্পূরক বিল সরকারের ইতিমধ্যে ঘোষণা করা বেশ কিছু পদক্ষেপের জন্য অর্থের জোগান দিতে প্রণয়ন করা হয়। এসব পদক্ষেপের মধ্যে জাপানে বসবাসরত প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য এককালীন ১ লাখ ইয়েন অনুদান সহায়তা অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি আকারের ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া এবং শিল্প ও বাণিজ্য খাতকে চাঙা করে তোলায় প্রয়োজনীয় অর্থের জোগানও এর থেকে দেওয়া হবে।

সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগামীকাল বিলটি অনুমোদিত হলে সেটা এক দিন পর উচ্চকক্ষের অনুমোদন লাভ করবে বলে ক্ষমতাসীন জোটের নেতারা মনে করছেন। উভয় কক্ষে জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় দ্রুত বিলটি পাস করিয়ে নেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে।

সম্পূরক বাজেটের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সরকার প্রায় ২৩ লাখ কোটি ইয়েনের বন্ড বাজারে ছাড়বে। ইতিমধ্যে ঋণভারে জর্জরিত দেশ জাপানকে এটি আরও বেশি ঋণগ্রস্ত করে তুললেও জরুরি পরিস্থিতিতে সরকার একে আবশ্যকীয় পদক্ষেপ হিসেবেই দেখছে।