ট্রান্সএশিয়ার পাইলটের পদক্ষেপ ছিল বীরোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার তাইপের ব্যস্ততম এলাকায় একটি নদীতে বিধ্বস্ত হয় ট্রান্সএশিয়ার একটি বিমান। ধারণা করা হচ্ছে, পাইলটের চেষ্টায় শহরের উঁচু ভবনগুলোর সঙ্গে সংঘর্ষ এড়ায় বিমানটি। অন্যথায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। ছবি: রয়টার্স
গত বুধবার তাইপের ব্যস্ততম এলাকায় একটি নদীতে বিধ্বস্ত হয় ট্রান্সএশিয়ার একটি বিমান। ধারণা করা হচ্ছে, পাইলটের চেষ্টায় শহরের উঁচু ভবনগুলোর সঙ্গে সংঘর্ষ এড়ায় বিমানটি। অন্যথায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। ছবি: রয়টার্স

তাইওয়ানের রাজধানী তাইপের উঁচু ভবনগুলোকে এড়িয়ে নদীতে বিধ্বস্ত হয়েছিল ট্রান্সএশিয়ার দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি। ভবনগুলোর সঙ্গে সংঘর্ষ হলে প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারত। তাইপের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির পাইলটের বুদ্ধিদীপ্ত পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে।

তাইপের মেয়র কো ওয়েন জে দুর্ঘটনার শিকার ট্রান্সএশিয়ার পাইলট লিয়াও চিয়েন-সাংকে বীর িহসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘তাঁর পক্ষে করা সম্ভব, এমন সবকিছুই সে করেছে।’ খবর রয়টার্সের।

গত বুধবারের ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন মারা যান। এর মধ্যে উড়োজাহাজটির পাইলট ৪২ বছর বয়সী লিয়াও চিয়েন-সাং ও সহকারী পাইলটও রয়েছেন। তাইপে বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে একটি নদীতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার সময়ে একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশবোর্ডে ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, উড়োজাহাজটি কোনোমতে শহরের ভবনগুলোকে এড়িয়ে নদীতে গিয়ে পড়ছে।

ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন যাত্রীর ভাই ক্রিস লিন বলেন, ‘পাইলটের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে অনেক যাত্রী বেঁচে যান। আমি নিজে পাইলট ছিলাম এবং এ ধরনের পরিস্থিতিতে কী করতে হয়, আমার এ সম্বন্ধে ধারণা আছে।’

তবে বিশেষজ্ঞদের মতে, বিমানের ক্রুদের চেষ্টার ফলেই বিমানটি ভবগুলোর ওপর দিয়ে নদীতে গিয়ে পড়েছে কি না, তা এখনই বলা যাবে না। তাদের মতে, বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার ও ডেটা রেকর্ডার থেকে অন্যান্য তথ্য পাওয়া গেলেই বিষয়টি বরং আরও পরিষ্কার হবে। গত বুধবারই এগুলো উদ্ধার করা হয়।

অ্যাভিয়েশন বিশ্লেষক এবং এয়ারলাইন রেটিংডটকমের প্রধান সম্পাদক জেফ্রি থমাস এ প্রসঙ্গে বলেন, ‘পাইলট ভবনগুলোকে এড়িয়েছেন সত্য, কিন্তু ওই মুহূর্তে বিমানটিতে আসলে কী হয়েছিল, এটি বলার সময় এখনো হয়নি। আমাদের বিমানটির ভয়েস রেকর্ডার ও ফ্লাইট রেকর্ডার পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তাইওয়ানের গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে যে, লিয়াও বিমানটিকে শহরের জনবহুল আবাসিক এলাকা এবং বাণিজ্যিক ভবনগুলোকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিহত চিয়েন-সাংয়ের জন্য যেমন সমবেদনা জানানো হয়েছে, তেমনি তাঁর প্রশংসাও করা হয়েছে। লেখক ও অভিনেত্রী গিন ওই ফেসবুকে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, পাইলট চেষ্টা করে সুউচ্চ ভবনগুলো এড়িয়েছেন। তিনি একজন বীর।’