ট্রাম্প আর কিম 'কিন্ডারগার্টেনের ছানাপোনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলছে কাদা-ছোড়াছুড়ি। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক পারমাণবিক শক্তি প্রদর্শন করেই চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাঁর এই কার্যক্রম বন্ধে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম ভাষণে উত্তর কোরিয়ার এই উদ্ধত আচরণের জন্য দেশটিকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। এরপর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতা বলেছেন, ‘উন্মাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তিনি বুঝেছেন যে তার দেশের জন্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ না করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

এক বিবৃতিতে কিম জং উন বলেন, ‘জাতিসংঘে যে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংসের হুমকি দিয়েছেন, সে ভাষণের জন্য তাঁকে চড়া মূল্য দিতে হবে।’ ওই বিবৃতিতে ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত বলেও উল্লেখ করেন কিম জং উন।

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইটারে কিমকে ‘ম্যাডম্যান’ বা ‘উন্মাদ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন।

তাঁদের এই বাগ্‌যুদ্ধকে ‘শিশুশ্রেণির বাচ্চাদের খামচা-খামচি’ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে সের্গেই ল্যাভরভ বলেন, ‘এই দুই মাথা গরম ব্যক্তির শান্ত হওয়ার জন্য কিছুটা সময় চুপ করে থাকা প্রয়োজন।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ, চুপচাপ বসে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়টি হজম করা যায় না।

একটি রাজনৈতিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে সের্গেই ল্যাভরভ বলেন, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ‘চীনের সঙ্গে এক হয়ে আমরা একটি যুক্তিসংগত উপায়ে সংগ্রাম চালিয়ে যাব। তবে আবেগতাড়িত হয়ে এমন আচরণ করব না, যাতে মনে হবে শিশুদের স্কুলের ছানাপোনারা খামচা-খামচি করছে। কেউ তাদের থামাতে পারছে না।’ সূত্র: বিবিসি অনলাইন।