ট্রাম্প বললেন 'মহান নেতা', কিম বললেন 'সাহসী'

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ আছে ডোনাল্ড ট্রাম্পের। খোদ মার্কিন প্রেসিডেন্টই এমনটা মনে করেন। দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়েও সন্তুষ্ট তিনি।
গতকাল বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই নেতার একান্ত বৈঠক হয়। বৈঠকে নিজের এই মনোভাব জানান ট্রাম্প। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুই নেতার মধ্যে মূল বৈঠক হওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের দ্বিতীয় দিন আজ।
গতকাল সন্ধ্যায় একান্ত বৈঠক শেষে বেশ খোশমেজাজেই দুই নেতা নৈশভোজ করেন। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি; বরং একে অপরের প্রশংসায় ব্যস্ত ছিলেন তাঁরা।
এর আগে গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। ওই বৈঠকে পারমাণবিক নিষ্ক্রিয়করণের বিষয়ে সম্মত হয় উত্তর কোরিয়া। তবে এত দিনে এ বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়। আট মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে দ্বিতীয়বার বৈঠক করতে সম্মত হন দুই নেতা। দ্বিতীয় দফায় এই বৈঠকের আগে ট্রাম্প বলেন, ‘কোনো তাড়াহুড়া নেই, আমরা সঠিক চুক্তি করতে চাই।’ অন্যদিকে কিম বলেন, তিনি আশা করছেন একটি ভালো ফলাফলের দিকেই যাচ্ছে দুই দেশ।
এরপর গত মঙ্গলবার এই বৈঠকের উদ্দেশে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছান দুই নেতা। সকালে নিজের ব্যক্তিগত ট্রেনে করে ভিয়েতনাম পৌঁছান কিম। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান হ্যানয়ের নই বাই বিমানবন্দরে অবতরণ করে রাতে। এরপর গতকাল সন্ধ্যায় একান্ত বৈঠক করেন ট্রাম্প ও কিম। ২০ মিনিটের ওই মূল আলোচনার ফাঁকে ট্রাম্প বলেন, কিমের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাঁদের সম্পর্ক খুবই সুদৃঢ়।
বৈঠকে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তাঁর খুবই বিশেষ সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়া খুব দ্রুত কিছু করছে না—এমনটা মনে করলেও আলোচনার গতি নিয়ে বেশ সন্তুষ্ট ট্রাম্প। এ সময় সিঙ্গাপুরে প্রথম বৈঠকের বিষয়ে কিমকে ট্রাম্প বলেন, তিনি মনে করেন তাঁদের প্রথম বৈঠক খুবই সফল ছিল। তিনি বলেন, ‘কিছু মানুষ হয়তো ফলাফল দ্রুত দেখতে চাই। তবে আমি সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট। আমরা যা করছি, তা নিয়ে আমরা খুশি।’
পরে নিজেদের উপদেষ্টাদের নিয়ে নৈশভোজ সারেন তাঁরা। নৈশভোজে ট্রাম্প কিমকে ‘মহান নেতা’ বলে আখ্যায়িত করেন। জবাবে কিম তাঁকে ‘সাহসী’ বলে মন্তব্য করেন।
নৈশভোজের পর এই টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘গ্রেট মিটিংস, খুব ভালো সংলাপ হয়েছে।’
পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আজ আরও আলোচনার পর দুই পক্ষ ‘যৌথ চুক্তিতে’ স্বাক্ষর করবে—এমন পরিকল্পনা আছে। তবে কী নিয়ে চুক্তিতে যাবে দুই দেশ, তা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি হোয়াইট হাউস।
এক বছর আগেও ট্রাম-কিমের বৈঠকের বিষয়টি ছিল অকল্পনীয়। ট্রাম্প ও কিম তর্কযুদ্ধ, কাদা-ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে জড়িয়েছিলেন। নজিরবিহীন কূটনৈতিক প্রচেষ্টায় পাল্টায় এ দৃশ্যপট। আর এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রাখেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। সিঙ্গাপুরের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বিদ্যমান মতভেদ কমাতে দুই দেশের মধ্যে আস্থার সেতু তৈরির চেষ্টা করা হয়। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ অগ্রগতির বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি এখনো। যদিও উত্তর কোরিয়া দাবি করেছে, তারা নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি। দুই নেতার দ্বিতীয় দফা বৈঠকেও পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।