ট্রাম্পকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পাশাপাশি দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রুহানি বলেছেন, ট্রাম্প ও তাঁর প্রশাসনের আক্রমণাত্মক ভাষা ব্যবহারের জন্য কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তার দায় মার্কিন প্রশাসনকেই নিতে হবে। খবর এএফপির।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের মিছিলে অংশ নেন রুহানি। সেখানে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি এ সতর্কতা দেন ইরানের প্রেসিডেন্ট।

বক্তব্যে রুহানি বলেন, ইরান সম্পর্কে হোয়াইট হাউস একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। তাদের উচিত ইরানের জনগণের প্রতি সম্মান রেখে কথা বলা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে তারা যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে, এ জন্য তাদের দুঃখ প্রকাশ করতে বাধ্য করা হবে। কেউ যদি ইরান সরকার বা সশস্ত্র বাহিনীকে হুমকি দেয়, তবে তাদের ইরান সম্পর্কে জেনে সতর্ক হওয়া উচিত।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন। ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পারমাণবিক চুক্তির বিষয়টিকে তিনি ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেন।