ট্রাম্পের পক্ষে সাফাই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সাফাই গাইলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান। বললেন, সাতটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের শরণার্থীদের ভ্রমণে নিষেধাজ্ঞাসংক্রান্ত ট্রাম্পের সিদ্ধান্তটি ইসলামবিরোধী দৃষ্টিকোণ থেকে নেওয়া নয়।
প্রতিবেশী সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নেওয়া সিদ্ধান্তটি কোনো নির্দিষ্ট ধর্মের বা ধর্মাবলম্বীদের বিরুদ্ধে, এমনটা বললে ভুল হবে।
আরব আমিরাতে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লাহ বিন নাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা ‘আপৎকালীন’ সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এতে মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ আক্রান্ত হয়নি।
আবদুল্লাহ বিন নাহিয়ান বলেন, কালোতালিকাভুক্ত কিছু দেশের নিরাপত্তার প্রশ্নে ‘কাঠামোগত সমস্যা’ রয়েছে। সেগুলো এখনো উতরে যেতে পারেনি দেশগুলো।
গত শুক্রবার এক নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের লোকজনের ওপর চার মাসের ভ্রমণনিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। নিষিদ্ধের তালিকায় থাকা সাত দেশ হলো ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।